পাকুন্দিয়ায় শিশুসহ গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তিন বছরের এক ছেলেশিশুসহ এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার দক্ষিণ চরটেকী এলাকার একটি শিমখেত থেকে গৃহবধূ সুলেখা আক্তার ও ব্রহ্মপুত্র নদ থেকে তাঁর ছেলে আশিক মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা হয়েছে।এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে একটি শিমখেত থেকে সুলেখার লাশ উদ্ধার করে পুলিশ। এর প্রায় পাঁচ ঘণ্টা পর একই এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয় আশিকের লাশ। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চরমান্দারকান্দি গ্রামের আবদুস ছাত্তার থানায় গিয়ে লাশ দুটি তাঁর বড় বোন সুলেখা ও ভাগনে আশিকের বলে শনাক্ত করেন। আবদুস ছাত্তার প্রথম আলোকে জানান, তাঁদের পাশের দিগাম্বর্দী গ্রামের আলাউদ্দিনের (৪৫) সঙ্গে প্রায় ১০ বছর আগে সুলেখার (৩০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুলেখাকে তাঁর স্বামী মারধর করতেন। একপর্যায়ে আলাউদ্দিন ঢাকায় চলে যান। সেখানে গিয়ে আরেকটি বিয়ে করেন। সুলেখা তিন সন্তানের খাওয়া-পরার খরচ মেটাতে উপজেলা সদরে চলে আসেন। সেখানে একটি ভাড়া বাড়িতে থাকতেন। তিনি বিভিন্ন রেস্তোরাঁ ও বাসাবাড়িতে কাজ করতেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে, শনিবার রাতে কাজ করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা সুলেখাকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে। শিশু আশিককেও শ্বাসরোধে হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি রোববার রাতে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।