পাকুন্দিয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাংবাদিক খন্দকার আছাদুজ্জামানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদসংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পাকুন্দিয়া প্রেসক্লাবের উদ্যোগে বেলা ১১টার দিকে আয়োজিত এ মানববন্ধনে কিশোরগঞ্জ জেলাসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় দৈনিক ইনকিলাব-এর উপজেলা সংবাদদাতা খন্দকার আছাদুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার দ্রুত বিচার চেয়ে পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ রশীদ ভূঁইয়ার নেতৃত্বে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ, ইটিভির জেলা প্রতিনিধি সাকাউদ্দিন আহম্মেদ, পাকুন্দিয়া হাইস্কুলের সভাপতি মো. শাহজাহান, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু তাহের, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শামছুল আলম, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপকুমার সরকার, বাংলানিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা বক্তব্য দেন। পরে পাকুন্দিয়া প্রেসক্লাবের পক্ষে পরবর্তী আন্দোলনের কর্মসূচি হিসেবে জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদানসহ চার দফা দাবি ঘোষণা করা হয়।
জানা গেছে, সাংবাদিক আছাদুজ্জামানের বাড়ি পৌরসভার মঙ্গলবাড়িয়া গ্রামে। তাঁর বড় ভাই খন্দকার আশরাফুজ্জামানের সঙ্গে একই গ্রামের নজরুল ইসলাম (৩৫), আবদুল কাইয়ুম (৪০), খাইরুল ইসলাম (৩০) ও মেয়ে সালমা আক্তারের (৩৯) দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। গত ৩১ আগস্ট বেলা ১১টার দিকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল তাঁর পরিবারের সদস্যদের নিয়ে হামলা চালালে আছাদুজ্জামান গুরুতর আহত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাঁকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ ব্যাপারে প্রতিপক্ষের খাইরুল ইসলাম বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাঁদের পক্ষের আবদুল কাইয়ুম নামের একজন চাপাতির কোপে জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরাও এ বিষয়ে মামলা করেছেন।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, এ ঘটনায় উভয় পক্ষই মামলা করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।