পাকুন্দিয়ায় ২৮৩ জন দ্বৈত ভোটার চিহ্নিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ২৮৩ জনকে দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২০০৮ সালে পাকুন্দিয়ার নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। ওই সময় এখানে এক লাখ ৪৩ হাজার ২২৬ জন ভোটার তালিকাভুক্ত হন। তথ্য যাচাই-বাছাই করে দেখা গেছে, এঁদের মধ্যে উপজেলায় ২৮৩ জন তথ্য গোপন করে একাধিক স্থানে ভোটার হয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয় প্রত্যেক ভোটারের পরিচয়পত্রে থাকা আঙুলের ছাপ পরীক্ষা করে এ বিষয়টি নিশ্চিত হয়েছে। এসব ভোটারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সচিবালয়।উপজেলা নির্বাচন কার্যালয় আরও জানায়, এসব ভোটার এক জায়গায় পুরো নাম আবার কোথাও শুধু ডাকনাম ব্যবহার করেছেন। অনেকেই ঠিকানা ও বাবার নাম পরিবর্তন করেছেন। এঁদের মধ্যে একজন মো. হাকিম। তিনি একই সঙ্গে পাকুন্দিয়া উপজেলার সালুয়াদি গ্রামে এবং ঢাকার গুলশান এলাকায় ভোটার হয়েছেন। পাকুন্দিয়ায় তাঁর ভোটার পরিচয়পত্রের নম্বর ৪৮০৭২৩০০০০৫৫ এবং ঢাকায় ২৬২১৬২৯৮৪৩৮৬। আরেক জনের নাম সৈয়দ শামছুল হক। তিনি বাবার নাম পরিবর্তন করে পাকুন্দিয়ার হিজলিয়া ও ঢাকার গুলশানে ভোটার হয়েছেন। পাকুন্দিয়ায় তিনি বাবার নাম সৈয়দ শাহজাহান ও ঢাকায় ছালাম উল্লেখ করেছেন। পাকুন্দিয়ায় তাঁর ভোটার পরিচয়পত্রের নম্বর ৪৮০৭৪৮৮৫৭১৮৮ ও ঢাকায় ২৬১১২১৩৬১৬৯৮। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, ২০০৮ সালের ছবিসহ ভোটারদের মধ্যে এ উপজেলার ২৮৩ জন ভোটার বিভিন্ন তথ্য পরিবর্তন করে একাধিক স্থানে ভোটার হয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয় এসব ভোটারকে দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত করেছে। এখন মাঠপর্যায়ে তদন্তের কাজ চলছে। শিগগিরই এসব ভোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।