পাখা গোটাচ্ছে ডিসি-১০

বিদায়, তবে বিষণ্নতা নেই। বরং গৌরব আছে। এ গৌরব ইতিহাস হওয়ার এবং ইতিহাসে আবাস গড়ার।
ইতিহাস সে কয়েক বছর ধরেই। আকাশে সে নিঃসঙ্গ প্রজন্ম। কারণ, সে-ই বিশ্বের একমাত্র সচল যাত্রীবাহী ডিসি-১০ উড়োজাহাজ।
স্থায়ী ঠিকানা ছিল বাংলাদেশ। মালিক ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২০ ফেব্রুয়ারি শেষ উড়ালে উড়োজাহাজটি যুক্তরাজ্য হয়ে যাবে যুক্তরাষ্ট্রের সিয়াটলে। বোয়িং কোম্পানির ‘দ্য মিউজিয়াম অব ফ্লাইটস’ জাদুঘরে। সেখানেই চিরতরে থেমে যাবে তার পাখা।
১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের দুটি উড়োজাহাজ নির্মাতাপ্রতিষ্ঠান ম্যাকডোনাল এয়ারক্রাফট করপোরেশন ও ডগলাস এয়ারক্রাফট কোম্পানি একীভূত হয়। এর পরের বছর ম্যাকডোনাল-ডগলাস কোম্পানি প্রথম ডিসি-১০ উড়োজাহাজ তৈরি করে, যা আকাশে ওড়ে ১৯৭০ সালের ২৯ আগস্ট। ১৯৭১ সালে আমেরিকান এয়ারলাইনসের মাধ্যমে যাত্রা শুরু করে তিন ইঞ্জিনবিশিষ্ট এই উড়োজাহাজ।
সিএনএনের ওয়েবসাইটে প্রকাশিত এ-সংক্রান্ত খবরে বলা হয়, সে সময় বোয়িং-৭৪৭-এর চেয়ে ছোট এবং তুলনামূলক কম দৈর্ঘ্যের রানওয়েতে উড্ডয়ন ও অবতরণে সক্ষম বলে এ উড়োজাহাজ বেশ জনপ্রিয়তা পায়।
১৯৮৯ সাল পর্যন্ত ডিসি-১০-এর উৎপাদন অব্যাহত ছিল। ১৯৯০ সালে ম্যাকডোনাল-ডগলাস একীভূত হয় বোয়িং কোম্পানির সঙ্গে। বোয়িংয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ম্যাকডোনাল-ডগলাস বেসামরিক ব্যবহারের জন্য মোট ৩৮৬টি ডিসি-১০ তৈরি করে। সামরিক বাহিনীর জন্য করে ৬০টি।
ডিসি-১০-এর যাত্রীবাহী উড়োজাহাজ এখন আর কোনো বিমান সংস্থা ব্যবহার করে না। তবে মালবাহী (কার্গো) উড়োজাহাজ হিসেবে এখনো কয়েকটি বিমান সংস্থা এটি ব্যবহার করছে।
বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হওয়া ডিসি-১০-গুলোর একটি ১৯৭৮ সালে, দুটি ’৭৯ সালে ও অপরটি ’৮৮ সালে নির্মিত। এর মধ্যে একটি বিগত বিএনপি সরকারের আমলে চট্টগ্রামে দুর্ঘটনায় পড়ে চিরতরে অচল হয়ে যায়। বাকি তিনটির দুটি অনেক দিন ধরে বিকল পড়ে আছে।
সচল ডিসি-১০টির বিদায় উপলক্ষে আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বিদায় সংবর্ধনার’ আয়োজন করেছে বাংলাদেশ বিমান। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিদায় জানাবেন। একই সঙ্গে বিমানবহরের নতুন সদস্য তৃতীয় বোয়িং-৭৭৭-৩০০ইআর ‘আকাশ প্রদীপ’কে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।
ডিসি-১০-এর এ বিদায়ে ‘শোকাতুর’ নয় বিমান কর্তৃপক্ষ। বেশি জ্বালানি খরচ, খুচরা যন্ত্রাংশের দুষ্প্রাপ্যতা, রক্ষণাবেক্ষণে অতিরিক্ত ব্যয়—অনেক দিন ধরেই বোঝা হয়ে আছে উড়োজাহাজটি। যখন-তখন বিকল হয়ে ফ্লাইটসূচি বিপর্যস্ত করার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অনেক। কিন্তু উড়োজাহাজ-সংকটের কারণে তার বিকল্পও ছিল না।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১০টি নতুন প্রজন্মের উড়োজাহাজ কেনার জন্য বোয়িং কোম্পানির সঙ্গে চুক্তি করে বিমান। এরই মধ্যে বোয়িং-৭৭৭ইআর বহরে যুক্ত হয়েছে। তিনি বলেন, ওই চুক্তি করার সময়ই ডিসি-১০ উড়োজাহাজটি নিজেদের জাদুঘরে রাখতে আগ্রহ দেখায় বোয়িং কর্তৃপক্ষ। তারা উড়োজাহাজটি নিয়ে গবেষণা করবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন জন স্টিল জানান, বহরের মেয়াদোত্তীর্ণ দুটি ডিসি-১০ বিক্রি করে দেওয়া হবে স্ক্র্যাপ (পরিত্যক্ত লোহা) হিসেবে। সচলটি উপহার হিসেবে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জাদুঘরে।
বিমান সূত্র জানায়, ২০ ফেব্রুয়ারি ঢাকা থেকে ‘বিদায়ী উড্ডয়নে উড়োজাহাজটি প্রথম যাবে যুক্তরাজ্যের বার্মিংহামে। তবে ৩১৪ আসনের এ উড়োজাহাজে কোনো সাধারণ যাত্রী যাবে না। ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এক ঘণ্টা করে বার্মিংহামের আকাশে উড়বে এটি। এই তিন দিনের ঐতিহাসিক উড্ডয়নের জন্য টিকিট বিক্রি চলছে। এক ঘণ্টার ভ্রমণের জন্য আগ্রহী ব্যক্তিদের দিতে হবে জানালার পাশের আসনের জন্য ব্রিটিশ মুদ্রায় ১৫০ পাউন্ড এবং পাশের (আইল) জন্য ১০০ পাউন্ড। তবে ২৪ ফেব্রুয়ারির শেষ স্মরণীয় যাত্রায় টিকিটের দাম ৫০ পাউন্ড করে বেশি পড়বে। ওই দিনই এটি রওনা হবে যুক্তরাষ্ট্রের সিয়াটলের উদ্দেশে। জাদুঘরে গড়বে শেষ আবাস।