
মাথার ওপর বৈদ্যুতিক পাখা ও বাল্ব ঝুলছে। অথচ গরমে শিক্ষক-শিক্ষার্থীরা হাতপাখা ও বই-খাতা দুলিয়ে বাতাস নেন। আকাশ অন্ধকার হলে শ্রেণিকক্ষে মোমবাতি জ্বালিয়ে চলে পড়ালেখা। দুই বছর ধরে এ দৃশ্য চোখে পড়ছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার হাটদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয় ভবনটি নির্মিত হওয়ার দুই বছর পরও বিদ্যুৎ-সংযোগ না পেয়ে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে পিইডিপি-৩ প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে এলজিইডি ৩৯ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়টির জন্য একটি নতুন ভবন নির্মাণ করে দিয়েছে। ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার পর ঠিকাদার ভবনে ওয়্যারিংয়ের কাজও করেন। শ্রেণিকক্ষে ফ্যান, লাইটসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সামগ্রীও লাগানো হয়। পরে ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কিন্তু এরপর গত দুই বছরও সেখানে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। অথচ ভবন নির্মাণের পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এ নির্ধারিত টাকা জমা দিয়ে বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন করেছে। শ্রেণিকক্ষ-সংকটের কারণে গত বছরের ১৯ মার্চ স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ভবনটি উদ্বোধন করেন।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সুমন আলী বলে, তাদের নতুন ভবনটি খুব সুন্দর। কিন্তু গরমে তারা শ্রেণিকক্ষে বসে থাকতে পারে না। বাধ্য হয়ে বাড়ি থেকে নিয়ে আনা তালের পাখা দিয়ে আবার কখনো বই-খাতা দিয়ে বাতাস নেন।
পঞ্চম শ্রেণির ছাত্র মেজবাউর রহমান বলে, আকাশে মেঘ জমলে ক্লাসরুম অন্ধকার হয়ে যায়। বৈদ্যুতিক বাল্ব ঝোলানো থাকলেও আলো তো জ্বলে না। তখন হয় মোমবাতি জ্বালিয়ে পড়ালেখা করে তারা। নয়তো পড়ালেখা বন্ধ করে বাইরে খেলে।
৫ অক্টোবর কথা হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার রহমানের সঙ্গে। তিনি বলেন, বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরমের সময় ক্লাসে উপস্থিতি কমে যায়। কেউ কেউ বাড়ি থেকে হাতপাখা এনে বাতাস নেয়। ল্যাপটপ থাকলেও শিক্ষকেরাও বিদ্যুতের অভাবে সেগুলোও ব্যবহার করতে পারছেন না। ফলে দেড় শতাধিক শিক্ষার্থী তথ্যপ্রযুক্তি জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে।
প্রধান শিক্ষক আরও বলেন, এদিকে ভবনটি হওয়ার পরপরই সমীক্ষা ফি বাবদ ১ হাজার ৫০০ টাকা বিদ্যুৎ বিভাগে জমা দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নিয়ম থাকলেও এ বিদ্যালয়টি কেন বিদ্যুৎ পাচ্ছে না, তা তিনি জানেন না। তিনি বলেন, চলতি বছরের ২৯ জুলাই মানবিক দিক বিবেচনা করে স্থানীয় সাংসদ আবুল কালামও বিদ্যালয়টিকে বিদ্যুৎ দিতে সুপারিশ করে দেন। সেই সুপারিশসহ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার বরাবর লিখিত আবেদনও করা হয়। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।
এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর গ্রাহক সেবা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রঞ্জন কুমার রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।