বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুটের একটি ডিসি-১০ উড়োজাহাজ মেরামত শেষে গত শনিবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে পাখার একটি অংশ ভেঙে পড়েছিল। এই উড়োজাহাজে ঢাকাগামী ১৭৪ জন যাত্রী ছিলেন।বিমানবন্দর সূত্রে জানা গেছে, কাতারের মাস্কট থেকে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে শনিবার সকাল পৌনে ১০টার দিকে উড়োজাহাজের পাখার একটি অংশ (ফ্লেপ) প্রায় ১০ কিলোমিটার দূরে পটিয়ায় ছিটকে পড়ে। তবে এটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। কিন্তু পাখার একাংশ ভেঙে পড়ায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। কারণ উড়োজাহাজটির তখন আর উড়ার ক্ষমতা ছিল না।সূত্র জানায়, শনিবার বিকেল পাঁচটার দিকে জেদ্দা থেকে চট্টগ্রাম আসা বাংলাদেশ বিমানের অন্য একটি আন্তর্জাতিক ফ্লাইটে (বিজি-০৩৮) করে ১৭৪ জন যাত্রীকে ঢাকায় পাঠানো হয়। এর আগে ঢাকা থেকে প্রকৌশলী ও যন্ত্রাংশ এনে চট্টগ্রামে পড়ে থাকা ডিসি-১০ উড়োজাহাজটি মেরামত করা হয়। রাত নয়টা ১৭ মিনিটে খালি উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে।বাংলাদেশ বিমানের ব্যবস্থাপক বজলুল করিম সোলাইমানী প্রথম আলোকে বলেন, ‘ডিসি-১০ উড়োজাহাজের দুর্ঘটনা তেমন বড় ছিল না। এ কারণে কম সময়ে মেরামত করে এটি চালু সম্ভব হয়। ছিটকে পড়া বিমানের পাখার ফ্লেপের তিনটি খণ্ড আমরা পটিয়া থেকে উদ্ধার করি।’