পাখায় শাড়ি পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধান উড়াতে গিয়ে শ্যালো ইঞ্জিনচালিত পাখার সঙ্গে শাড়ি পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার ঘাগলাজানি গ্রামে ওই ঘটনা ঘটে।
মারা যাওয়া গৃহবধূর নাম রুবি আক্তার (৫০)। তিনি উপজেলার ঘাগলাজানি গ্রামের আজম আলীর স্ত্রী।
এলাকাবাসী ও নিহত গৃহবধূর পরিবার জানায়, গতকাল বেলা তিনটায় বাড়ির আঙিনায় শ্যালো ইঞ্জিন দিয়ে পাখা চালিয়ে ধান উড়াচ্ছিলেন রুবি আক্তার। একপর্যায়ে তাঁর পরনের শাড়ি ওই পাখায় জড়িয়ে যায়। এ সময় পাখার আঘাতে রুবির মাথার বাম পাশ ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর স্বামী আজম আলী তাঁকে রক্ষা করতে যান। এতে পাখার আঘাতে আজমের ডান হাতের দুটি আঙুলও কেটে মাটিতে পড়ে যায়। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান বলেন, ‘বিষয়টি কেউ আমাকে জানায়নি। খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।’