পাখি ও ইঁদুর তাড়াতে অডিও ফিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার কৃষকেরা গমখেতে পাখি ও ইঁদুর তাড়ানোর কাজে অডিও ক্যাসেটের ফিতা ব্যবহার করছেন। ওই ফিতা রোদে ঝলমল এবং বাতাসে পটপট শব্দ করায় পাখি ও ইঁদুরেরা ভয়ে গমখেতে আসে না।
কৃষি কার্যালয়ের দেওয়া তথ্যমতে, বদরগঞ্জ উপজেলায় এবার গম চাষ হয়েছে ১ হাজার ৪৭৫ হেক্টরে। তারাগঞ্জ উপজেলায় হয়েছে ৫০০ হেক্টর।
বদরগঞ্জ পৌর শহরের শহীদ মিনার চত্বরে অবস্থিত পুরোনো ব্যবসায়ী সুর ঝংকার ইলেকট্রনিকসের মালিক মোকছেদুল হক শাহ্ বলেন, ‘জনপ্রিয়তায় ধস নামায় ২০০০ সালে অন্তত ১৫ হাজার অডিও ক্যাসেট তাঁর দোকানে অবিক্রীত থেকে যায়। পরে কিছু ক্যাসেট তিনি দোকানে সাজিয়ে রাখেন। ২০১৩ সালের শেষের দিক থেকে দু-চারজন করে কৃষক ওই অডিও ক্যাসেট দোকানে খুঁজতে আসেন। জানতে পারি, কৃষকেরা গমখেতে পাখি তাড়ানোর কাজে ওই ক্যাসেটের ফিতা ব্যবহার করছেন। বাড়িতে কাক তাড়ানোর কাজেও এই ফিতা ব্যবহার করা হচ্ছে। সাধারণত পলিথিন যেসব উপকরণ দিয়ে তৈরি করা হয়, সেটা দিয়েই ক্যাসেটের ফিতা বানানো হয়।’
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আমরুলবাড়ী গ্রামের কৃষক মোক্তার হোসেনের বাড়িতে তিন বছর আগে কাকসহ অন্য পাখির উপদ্রব ছিল। একদিন বাড়িতে পড়ে থাকা গানের একটি পুরোনো অডিও ক্যাসেটের ফিতা বের করে শিশুরা আড়াআড়িভাবে টানিয়ে খেলাধুলা শুরু করে। এর পরপর তিন দিন ওই কৃষক দেখতে পান, বাড়িতে পাখির উপদ্রব নেই।
মোক্তার বলেন, পরে গমখেতে পাখির উপদ্রব ঠেকাতে তিনি জমিতে বাঁশের কঞ্চি পুঁতে আড়াআড়িভাবে ওই ফিতা টেনে দেন। রোদে ওই ফিতা ঝলমল করে। এতে পাখিরা ভয় পেয়ে খেতের আশপাশে ভেড়ে না। আর ক্যাসেটের ফিতা বাতাসে পটপট শব্দ করায় ইঁদুরের উপদ্রবও কমে যায়। তিনি আরও বলেন, আগে জমিতে গমের চারা গজিয়ে বেড়ে না ওঠা পর্যন্ত পাখির উপদ্রব ঠেকাতে দিনভর গমখেত পাহারা দিতে হতো। এতে খরচও খানিকটা বেড়ে যেত। কিন্তু ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণ করা যেত না। ক্যাসেটের ফিতা খেতের ইঁদুর ও পাখির উপদ্রব থেকে কৃষককে অনেকটা মুক্তি দিয়েছে। পাশাপাশি কষ্ট ও উৎপাদন খরচও কমেছে।
বদরগঞ্জের রামনাথপুরের ২৫ জন গমচাষির সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরাও এখন এ পদ্ধতি ব্যবহার করছেন।
বদরগঞ্জ বাজারের অডিও ক্যাসেট বিক্রেতা নাসিমুল ইসলাম ও তারাগঞ্জ বাজারের বাচ্চু মিয়া জানান, তাঁরা প্রতিটি অডিও ক্যাসেট ৫ থেকে ১০ টাকায় বিক্রি করছেন। যদিও তা কেনা পড়েছিল ৩০-৩৫ টাকায়। এখন প্রতিদিন একাধিক ক্যাসেট বিক্রি হচ্ছে। এর মূল ক্রেতা হচ্ছেন কৃষক।
তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের গমচাষি ইব্রাহিম আলী (৪০) বলেন, তাঁর এক আত্মীয়ের বাড়ি বদরগঞ্জ উপজেলায়। গত বছর সেখানে বেড়াতে গিয়ে ক্যাসেটের ফিতা টানিয়ে গমখেতে পাখি ও ইঁদুর তাড়ানোর কৌশল দেখেন। এখন তিনিও এটা ব্যবহার করছেন।
বদরগঞ্জ উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, অডিও ক্যাসেটের ফিতার সাহায্যে পাখি ও ইঁদুর তাড়ানোর কৌশলটি নিরাপদ। এ কারণে তাঁরাও কৃষকদের ক্যাসেটের ওই ফিতা খেতে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।
তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ক্যাসেটের ফিতা ব্যবহার করে অনেক কৃষক সুফল পেয়েছেন। কিন্তু এটা দীর্ঘস্থায়ী পদ্ধতি নয়।