পাখি তাড়াতে আগুন-ধোঁয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝাঁকে ঝাঁকে পাখি। খাবার খেতে বর্জ্যের ভাগাড়ের ওপর উড়ছে। সদ্য ফেলা বর্জ্যের একটি স্তূপে বসতেই কুণ্ডলী পাঁকিয়ে বেরোতে থাকে ধোঁয়া। একপর্যায়ে দপ করে জ্বলে ওঠে আগুন। খাবার খেতে নেমে জীবন বিপন্ন হওয়ার অবস্থা হয় ক্ষুধার্ত পাখিগুলোর। ফাঁদের মতোই ধোঁয়া আর আগুন থেকে বাঁচতে মৃত্যুর মুখে পড়া পাখিগুলো শেষে না খেয়ে ডানা জাপটে উড়ে যায়।এই দৃশ্য সিলেট সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়ের। প্রতিদিন অবর্জনা ফেলার সঙ্গে সঙ্গে খাদ্য সংগ্রহে আসা শত শত বাজপাখির এই বিচরণ ঠেকাতে করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এই কৌশলে বিপজ্জনকভাবে এদের তাড়িয়ে দেয়।স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট নগরের বিভিন্ন স্থান থেকে রাতে জমা করা ময়লা-আবর্জনার স্তূপ সকালবেলা ফেলা হয় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে লালমাটিয়া এলাকায় সিটি করপোরেশনের নির্ধারিত ভাগাড়ে। প্রায় সাত একর জায়গাজুড়ে এই ভাগাড়। প্রতিদিন প্রায় ২০০ টন বর্জ্য এখানে ফেলা হয়। বর্জ্য পালাক্রমে সিটি করপোরেশনের ২২৫ জন পরিচ্ছন্নতাকর্মী ভাগাড়ে নিয়ে আসেন। খাবার খেতে বাজপাখির দল ভাগারে হানা দেওয়ায় কর্মীরা আগুন জ্বালিয়ে ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি করেন। পাখিরা খেতে এসে আকস্মিক মৃত্যুর ঝুঁকিতে পড়ে উড়ে যায়।বর্জ্যে আগুন দেওয়ার কাজটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা স্থানীয় কিছু ছিন্নমূল মানুষকে দিয়ে করান। প্রতিদিন সকাল ও দুপুরে বর্জ্যের একেকটি স্তূপে আগুন দিয়ে ধোঁয়ার সৃষ্টি করা হয়। এখান থেকে পালিয়ে গিয়ে পাখিরা পার্শ্ববর্তী কাওয়ারদিঘির হাওর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক ও আবাসন প্রকল্প এলাকায় গিয়ে আশ্রয় নেয়। ভাগাড় থেকে পাখিরা নিরাপদে আশ্রয় নেওয়ায় এলাকার বাসিন্দারা পড়ছে সমস্যার মুখে।এলাকাবাসী জানান, আগে ভাগাড়ে হাজার হাজার শকুন আসত। এখন আর শকুন দেখা যায় না। কাকের সংখ্যাও গেছে কমে। আসে কেবল বাজপাখি। লালমাটিয়ার বাসিন্দা আয়ুব আলী বলেন, প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার পাখি ভাগাড়ে ওড়াউড়ি করে। এগুলোর অধিকাংশ বাজপাখি। কিন্তু খাদ্য সংগ্রহে বাধা দেওয়ায় এরা বসতি এলাকার ওপর গিয়ে নানা সমস্যা তৈরি করছে।আলাউদ্দিন নামের একজন পরিচ্ছন্নতাকর্মী স্বীকার করেন, বর্জ্য ফেলার সঙ্গে সঙ্গে বাজপাখির দল হানা দেওয়ায় তা স্থানান্তর করতে তাঁদের সমস্যা হয়। তাই পাখি তাড়াতে আগুন জ্বালিয়ে ধোঁয়া দেওয়া হয়। এই কৌশল তাঁরা চলতি শীত মৌসুম থেকে শুরু করেছেন। এতে তাঁদের দুটি কাজ হয়। এক, শীতে উত্তাপ মিলছে এবং দুই, পাখি তাড়ানোও হচ্ছে।পাখি তাড়ানোর কৌশল সম্পর্কে সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘বর্জ্য পোড়ানোর ধোঁয়া সবার জন্যই ক্ষতিকর। পাখির জন্য তো অবশ্যই। এ ক্ষেত্রে বর্জ্য আধুনিক পদ্ধতিতে যান্ত্রিক উপায়ে বিনষ্ট করে সম্পদে পরিণত করতে পারলে ক্ষয়ক্ষতির প্রভাব অনেকটাই কমে যাবে। বেঁচে যাবে পক্ষিকুলও।’ সিলেটভিত্তিক একটি বেসরকারি সংস্থার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা কৌশলপত্র প্রণয়নে গঠিত ‘নাগরিক মৈত্রী’ নামের উন্নয়ন সহযোগী সংগঠনের আহ্বায়ক সমরবিজয় সী শেখর বলেন, ‘বর্জ্যের ভাগাড়ে পাখির খাদ্য সংগ্রহের বিষয়টি স্বাভাবিক। আগুন বা ধোঁয়া দেওয়ার ঘটনা অমানবিক। পাখি না থাকলে বরং বর্জ্য নিয়ে আরও অব্যবস্থাপনার মুখে পড়বে সিটি করপোরেশন। এ ক্ষেত্রে ভাগাড়ে বর্জ্য পোড়ানোর ক্ষেত্রে নিয়ম থাকা উচিত।’সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বিভাগের প্রধান কর্মকর্তা মো. আলবাব আহমেদ চৌধুরী বলেন, ‘প্রতিদিন একাধিকবার লালমাটিয়ায় আবর্জনা ফেলা হয়। তবে করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা আগুন দিয়ে আবর্জনা পোড়ান না। এটা করে থাকে বিভিন্ন ফ্যাক্টরির লোকজন।’