পাখি দেখতে কালুহাটিতে কৌতূহলী মানুষের ভিড়
‘এই গ্রামের মানুষ পাখিদের ভয় ভেঙে দিয়েছে। হাজার হাজার মানুষ দেখছে, অথচ একটা পাখিও উড়ছে না। এ এক অবাক করা ব্যাপার। এ গ্রাম তো দেখছি পাখির অভয়ারণ্য হয়ে গেছে!’ রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটি গ্রামে পাখি দেখতে এসে রাজশাহী কলেজের শিক্ষার্থী শামীম হোসেন এভাবেই তাঁর বিস্ময়ের কথা বলছিলেন।কালুহাটি গ্রামের গাছে গাছে শামুকখোল পাখি বাসা বেঁধেছে। বাসায় তারা ডিম দিয়েছে। তিন বছর ধরে তারা এ গ্রাম ছেড়ে আর যাচ্ছে না। এ নিয়ে গত ১৭ জুলাই প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকে পাখি দেখতে কালুহাটি গ্রামে মানুষের ঢল নেমেছে। রাজশাহী ও নাটোরের বিভিন্ন এলাকা থেকে মানুষ পাখি দেখতে আসছে। প্রতিদিন বিকেলে আশপাশের গ্রাম থেকে এত লোক আসছে এখানে যে গ্রামের ভেতর রীতিমতো বাজার বসে যাচ্ছে।কালুহাটি গ্রামে গত ১ আগস্ট বিকেলে গিয়ে দেখা যায়, পূর্ব দিকে কাইলিতলা বাজার থেকে পশ্চিম দিকে পুঠিমারী সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা কৌতূহলী নারী-পুরুষের সমাগম। রাজশাহী থেকে আসা সংস্কৃতিকর্মী সুলতানা ইশরাত বলেন, ‘জীবনে কোনো গাছে এত বড় বড় পাখি আমি দেখিনি। হয়তো কোনো গাছে বাবুই পাখির মতো ছোট ছোট পাখি অনেক থাকতে পারে, কিন্তু এত বড় পাখি কোথাও এক গাছে দেখার সুযোগ হয়নি।’গ্রামের মুদি দোকানি তোতা বলেন, ‘প্রথম আলো পেপারে খবর ছাপার কয়েক দিন পর থাইকি এই গাঁয়ে মানুষের ঢল নামিচে। দৈনিক বিকেলে বাদাম-সিগারেট এসব বেচিই আমার ৮০০ থাইকি এক হাজার টাকা আয় হচ্ছে।’ গ্রামের কলেজশিক্ষক আবদুর রউফ বলেন, ‘প্রতিদিন বিকেলে মনে হচ্ছে কালুহাটি গ্রামটি যেন কোনো পর্যটন এলাকা হয়ে গেছে। পাখির অবাধ বিচরণের কারণে হয়তো কিছু গাছের ক্ষতি হচ্ছে। কিন্তু ওদের দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়।’ তিনি জানান, গ্রামের মানুষকে তাঁরা বোঝাতে সক্ষম হয়েছেন, পরিবেশ সংরক্ষণের জন্য তাদের এইটুকু ত্যাগ স্বীকার করতে হবে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাখি গবেষণা প্রকল্পের সদস্য ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সেলিনা পারভীন জানান, পাখিরা যখন বাসা বাঁধে বা ডিম দেয়, তখন যদি তারা বুঝতে পারে যে কেউ তাদের দেখছে বা অনুসরণ করছে, তাহলে তারা বাসায় খুব অস্বস্তি বোধ করে। এমনকি তারা বাসা পরিত্যক্ত করে চলেও যায়। তবে যেসব পাখি দলবদ্ধ হয়ে বাস করে, তারা একটু কম ভয় পায়। তবে যদি সারাক্ষণ মানুষ ক্যামেরা নিয়ে তাদের অবস্থানের চারপাশে ঘোরাফেরা করে, সেটা তাদের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে তারা চলেও যেতে পারে। কালুহাটির পাখি দেখতে অনেক লোক আগ্রহ নিয়ে সেখানে যাচ্ছে, পাখিগুলো যেন বিরক্ত না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা উচিত।