জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার পাখি ধরার ফাঁস ও ফাঁদসহ কুদ্দুস আলী শেখ নামের বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে আটক করেছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। কুদ্দুস এস্টেট কার্যালয়ের মালী।ওই শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের পাশ দিয়ে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে একটি পোষা ঘুঘু, ঘুঘু ধরার ফাঁদ ও জলচর পাখি ধরার ফাঁস নিয়ে আমবাগান এলাকায় যাচ্ছিলেন কুদ্দুস আলী শেখ। বিষয়টি দেখতে পেয়ে তাঁরা কয়েকজন ছাত্র তাঁকে আটক করেন। পরে তাঁরা কুদ্দুসকে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খানের কাছে নিয়ে যান। তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে অবহিত করেন। পরে কুদ্দুসকে প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে দেওয়া হয়। কুদ্দুস আলী শেখ বলেন, একটি পোষা ঘুঘু থাকায় আরেকটি ঘুঘু ধরতে চেয়েছিলাম। পাখি ধরার কোনো ফাঁস তাঁর কাছে নেই। ঘুঘু পাখির খাঁচাটি ওপরে তোলার জন্য কয়েকটি বাঁশের টুকরা থাকায় সেগুলোকে জলচর পাখি ধরার ফাঁস বলে সন্দেহ করা হয়েছে। প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হওয়ায় প্রশাসনকে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।