পাখি নিধনকালে বন্দুকসহ তিন শিকারি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপাড়ের হাল্লা গ্রামে পাখি শিকারকালে গতকাল শনিবার রাতে এলাকাবাসী তিন শিকারিকে আটক করে। তাঁদের কাছ থেকে বন্দুক জব্দ করা হয়। আজ রোববার সকালে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমকোনা গ্রামের আবদুল বাছিত (২৮), খছরু মিয়া (৩৭) ও সুমন আহমদ (২৬)।
এলাকাবাসী জানায়, হাল্লা গ্রামের মনোহর আলীর বাড়িটি ‘পাখিবাড়ি’ নামে পরিচিত। প্রতিবছর শীত মৌসুমে বিভিন্ন জাতের পাখি সেখানে আসে।
মনোহর আলীর ছেলে শাহরিয়ার আহমদ সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত তিনটার দিকে পর পর কয়েকটি গুলির শব্দে তাঁদের ঘুম ভাঙে। পরে তাঁরা ও এলাকার কয়েকজন বের হয়ে দেখেন, বন্দুক দিয়ে কয়েকজন পাখি শিকার করছেন। পরে তাঁদের চিত্কারে আশপাশের শতাধিক লোক ছুটে এসে ধাওয়া করে তিন ব্যক্তিকে আটক করেন। এ সময় একজনের হাতে একটি একনলা বন্দুক পাওয়া যায়। অন্যরা পালিয়ে যান। সকাল সাড়ে নয়টার দিকে বড়লেখা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে আটক ব্যক্তিদের তাদের কাছে সোপর্দ করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম জানান, এ ব্যাপারে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে।