পাখি নিধনমুক্ত পরিবেশবান্ধব জেলা!
‘পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও’ স্লোগান সামনে রেখে গতকাল রোববার মেহেরপুরকে পাখি নিধনমুক্ত ও পরিবেশ দূষণমুক্ত জেলা ঘোষণা করা হয়েছে। এ সময় জেলা প্রশাসকের নেতৃত্বে মেহেরপুরের নাগরিক সমাজ এখন থেকে পাখি শিকার ও বৃক্ষ নিধনের বিরুদ্ধে কঠোর অবস্থান ও আন্দোলনের অঙ্গীকার করে।বাংলাদেশ ইয়ুথওয়াচ ও ডগওয়াচের আয়োজনে মেহেরপুর শামসুজ্জোহা পার্কে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সাহান আরা বানু বলেন, পাখি কৃষকের বন্ধু, পাখি পোকামাকড় খেয়ে ফসলের উপকার করে। বৃক্ষ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ পরিবেশ রক্ষা করে। অথচ সচেতন মানুষের দ্বারা দেশের এই দুই সম্পদ প্রতিদিনই ধ্বংস হচ্ছে, যা দেশ ও মানবজীবনকে হুমকির মুখে নিয়ে যাচ্ছে। তাই আজ থেকে মেহেরপুরে পাখি শিকার ও বৃক্ষ নিধন বন্ধে জেলা প্রশাসন আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। এ সময় মেহেরপুর পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মেহেরপুরের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বাংলাদেশ ইয়ুথওয়াচ ও ডগওয়াচের সাজ্জাদ হোসাইন, আসাদুর রহমান, ইব্রাহিম কাদের, ননী গোপাল ভট্টাচার্যসহ অনেকে উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, বেসরকারি এক জরিপে দেখা গেছে, মেহেরপুরে প্রতিদিন শিকারিদের হাতে প্রায় এক হাজার পাখি আটক ও বিক্রি হচ্ছে। গত তিন বছরে মেহেরপুরে প্রায় ১০ হাজার সরকারি বৃক্ষ নিধন করা হয়েছে।