পাখি বিক্রির দায়ে কারাদণ্ড
কুষ্টিয়া পৌর এলাকায় বন্য প্রাণী বিক্রি করার সময় এক ব্যক্তিকে স্থানীয় জনগণ ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মন্টু প্রামাণিক (৪৫)। তাঁর বাড়ি নাটোর পৌরসভার বেলঘরিয়া ওয়ার্ডে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিহাব রায়হান জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭৪ সালের ৬ (ক) ধারা মোতাবেক অবৈধভাবে বন্যপ্রাণী বহন ও দায় স্বীকার করায় আসামিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আসামি অসুস্থ থাকায় শাস্তি কম দেওয়া হয়। গতকালই তাঁকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাখিগুলো মাটিচাপা দেওয়া হয়েছে। রায়ের আগে মন্টু প্রামাণিক প্রথম আলোকে জানান, গতকাল সকাল ১০টার দিকে তিনি ২৫০টি চড়ুই পাখি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার সেনপাড়া থেকে কুষ্টিয়া নিয়ে আসেন। তিনি এগুলো চার হাজার ২০০ টাকা দিয়ে কিনে নেন। কুষ্টিয়ার মাহবুব নামের এক ব্যক্তির কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করার কথা ছিল। পাখিগুলো পদ্মা নদীর চর এলাকায় জাল দিয়ে ধরে জবাই করে আনা হয়েছিল।