বিদ্যালয় আঙিনায় জড়ো হয়েছে সবাই। হাতে শোভা পাচ্ছে ‘পাখি আমাদের বন্ধু’ লেখা প্ল্যাকার্ড। গতকাল শনিবার মধ্যাহ্ন বিরতির ফাঁকে শিক্ষার্থীরা পাখি শিকার বন্ধে জনসচেতনতার অন্য রকম এক পাঠ নেয়। যোগ দেয় ব্যতিক্রমী এক সমাবেশে। এ সময় তারা পাখি রক্ষার শপথ নেয়।বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের মুরাদিয়া-ছবুরিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী এ সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনও (বাপা) সমাবেশে একাত্ম ঘোষণা করে।এলাকাবাসী জানান, মুরাদিয়া-ছবুরিয়া উচ্চবিদ্যালয়ের পাশে বাঘের মোকামসংলগ্ন গ্রামীণ বন ও জলাশয়ে নানা রকম জলার পাখি আশ্রয় নেয়। প্রায় দুই বছর ধরে ‘তিনাস সংস্থা’ নামের একটি সামাজিক সংগঠন এলাকাবাসীকে নিয়ে জলার পাখি সংরক্ষণে উদ্যোগী হয়। এলাকাবাসী পঞ্চায়েতের মাধ্যমে জলার পাখি শিকার সম্পূর্ণ নিষেধ করায় পাখির নিরাপদ অভয়াশ্রম গড়ে ওঠে। গতকাল বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে এলাকাবাসী পাখি শিকার বন্ধে শিক্ষার্থীদের সচেতন করতে ওই সমাবেশের আয়োজন করে। পরে এতে একাত্ম হয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও রোটারি ক্লাব অব সিলেট সানসাইন।বাপার নেতারা জানান, জলার পাখি সংরক্ষণে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগের ধারাবাহিকতায় পাখি শিকার বন্ধ এবং পাখি রক্ষায় সচেতনতামূলক ৫০টি সাইনবোর্ড এলাকাবাসীর মাধ্যমে সাঁটানো হয়। সাইনবোর্ডগুলো হস্তান্তর উপলক্ষে বিদ্যালয় আঙিনায় আয়োজন করা হয় শিক্ষার্থীদের সমাবেশ।মুরাদিয়া-ছবুরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সিলেটের আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন খান পাঠান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবেদা কনক খান, বাপার সাধারণ সম্পাদক আবদুল করিম, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মিহির লাল সরদার, পাখি সংরক্ষক আবুল খায়ের চৌধুরী, লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কাদির ও তিনাস সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আহমদ চৌধুরী।বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জান্নাত ইসলাম ও সপ্তম শ্রেণীর ছাত্র ইমাদুর রহমান জানায়, এলাকাবাসীর উদ্যোগে পাখির আশ্রয়স্থলকে নিরাপদ করে তোলার বিষয়টি তারা এত দিন শুধু দেখে আসছিল। রক্ষা করতে হলে যে নিজ থেকেই উদ্যোগী হতে হবে—এ শিক্ষা তারা শপথের মাধ্যমে অর্জন করল।