পাখি শিকারে বাধা দেওয়ায় মারধর
পাখি শিকারে বাধা দেওয়ায় গত শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার সিমলা বাঘমোড় গ্রামের ইয়াকুব আলী ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেছেন শিকারি রাফি মিয়া ও তাঁর সঙ্গীরা। এ ঘটনায় ইয়াকুব আলী বাদী হয়ে গত রোববার সিরাজগঞ্জ ১ নম্বর আমলি আদালতে চারজনকে আসামি করে মামলা করেছেন।মামলার আরজি থেকে জানা গেছে, গত শনিবার সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার রাফি মিয়া কয়েকজন সঙ্গী নিয়ে ইয়াকুব আলীর বাড়ির গাছে বসা বিভিন্ন পাখি এয়ারগান দিয়ে শিকার করতে থাকেন। এ সময় ইয়াকুব বাধা দিলে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। রাফি তাঁর বাবা শাহজামাল মিয়াকে মুঠোফোনে ডেকে এনে ঘটনার কথা জানান। এর আধা ঘণ্টা পর শাহজামাল কয়েকজন লোক নিয়ে ঘটনাস্থলে এসে ইয়াকুব ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন এবং একটি দোকানে ভাঙচুর চালান।মামলার আইনজীবী প্রণব কুমার জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এটি নথিভুক্ত করতে এবং তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।