পাখি শিকারে সহায়তার দায়ে জরিমানা
পাখি শিকারে সহায়তার দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জে একজনকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার তাঁকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ড পাওয়া ব্যক্তির নাম কবির মিয়া। বাড়ি কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে। শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাখি শিকারি জামাল মিয়া কমলগঞ্জ উপজেলার শ্রীসুর্য্য ধোপাটিলার ধানখেতে পাখি ধরার জন্য জাল পেতে রাখেন। এ কাজে সহায়তার জন্য কবির মিয়াকে নিয়ে আসেন তিনি। পাখি শিকারের খবর পেয়ে সোমবার বেলা দুইটার দিকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই শিবলু শেখ ঘটনাস্থলে এলে জামাল মিয়া পালিয়ে যান। তবে এ সময় পুলিশের হাতে ধরা পড়েন কবির মিয়া। শমশেরনগর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, কবির মিয়াকে বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলামের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় ইউএনও কবির মিয়াকে পাখি শিকারে সহায়তা করার দায়ে এক হাজার টাকা জরিমানা করেন।