পাখি শিকারে ‘রাজধান’!
হাওরপারের জমি। পানি শুকিয়ে মাত্র ভেসে উঠছে। ওই সব জমিই বোরো চাষের জন্য প্রস্তুত করা হয়। সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায় গতকাল শুক্রবার বিকেলে হাকালুকিপারের এক খণ্ড জমিতে বোরো আবাদের কৌশলে এক ধরনের বীজধান ছিটানোর কাজ করছিলেন চার ব্যক্তি।বিকেলে বোরো খেতে কী বীজধান ছিটানো হচ্ছে—খোঁজ নিতে গিয়ে গ্রামবাসী দেখে, পাখি শিকারের বিষটোপ হিসেবে কীটনাশক ‘রাজধান’ ছিটিয়ে রাখা হয়েছে। গ্রামবাসী আবদুল কাদির (৩০), আবুল মিয়া (৪০), আবদুল হাকিম (৩৫) নাজিমউদ্দিন (৩০) নামের ওই চার ব্যক্তিকে আটক করে।হাকালুকি হাওরের বিল ব্যবস্থাপনায় গঠিত ‘একতা বহুমুখী সমবায় সমিতি’র সদস্যরা জানান, হাওরের জমিতে বোরো আবাদের কাজ সাধারণত ভোরবেলা হয়। বিকেলে ওই চারজন কী করছেন—খোঁজ নিতে গিয়ে ধরা পড়ে পাখি শিকারের কৌশল।দুটো বস্তার মধ্যে একটিতে বীজধান রাখা ছিল। বীজধানের বস্তার মধ্যে ছিল কীটনাশক ‘রাজধান’। বীজধান ছিটাতে গিয়ে কীটনাশক ফেলার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই চার ব্যক্তি পাখি শিকার করার কৌশলের কথা জানান।সমিতির সাধারণ সম্পাদক রওশন আলম জানান, বিকেল সাড়ে চারটার দিকে চারজনকে আটক করা হয়েছিল। তাঁদের পুলিশে সোপর্দ করার কথা জানালে চারজনই মুচলেকা দিতে রাজি হন। তাঁদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।সিলেট ও মৌলভীবাজার জেলায় বিস্তৃত হাকালুকি হাওরের উত্তর-পশ্চিমের একটি অংশ পড়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায়। ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ার বাইয়ার বিল ও দক্ষিণ গজুয়া নামের বিলে শীতের শুরুতে অতিথি পাখির আগমন ঘটে। শীত নামার সঙ্গে সঙ্গে বাইয়ার বিল ও দক্ষিণ গজুয়া এলাকায় সংঘবদ্ধ পাখি শিকারিদের ত ৎপরতা বেশি দেখা যায়।ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল গণি প্রথম আলোকে বলেন, শীত এলে নানা কৌশলে হাকালুকিপারে পাখি শিকার চলে। এর মধ্যে একটি কৌশল হচ্ছে কীটনাশকের বিষটোপ দিয়ে পাখি শিকার। রাজধান দিয়ে পাখি শিকারের কৌশলের বিষয়ে তিনি খোঁজ নেবেন বলে জানান ওসি।