পাখি শিকারের দায়ে চারজনের কারাদণ্ড
যশোরের কেশবপুর উপজেলায় বিভিন্ন প্রজাতির ৭২টি পাখি শিকার করার দায়ে তিনজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শনিবার ভ্রাম্যমাণ আদালত তাঁদের এই দণ্ড দেন। ভোলার দৌলতখান উপজেলায় ভ্রাম্যমাণ আদালত এক পাখিশিকারীকে ১০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দিয়েছেন। কেশবপুরে দণ্ড পাওয়া তিন ব্যক্তি হলেন: আজিজুর রহমান, শহিদুল ইসলাম ও মো. ফকির। শুক্রবার কেশবপুরের শানতলা বিল থেকে পাখি শিকার করে ফেরার পথে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় জবাই করা ৭২টি পাখিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের কারাদণ্ড দেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী জানান, শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে দৌলতখান বাজার থেকে পাখিশিকারি মো. হাসানকে আটক করে। তাঁর কাছ থেকে বস্তায় ভর্তি ২৬টি জবাই করা পরিযায়ী পাখি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী হাকিম মুরশিদুল ইসলাম তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দেন।