পাখিমেলায় সব বয়সী দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাখিগুলো কত সুন্দর। আদর করতে ইচ্ছে করছে। এই পাখিগুলো যদি আমাদের বাসায় থাকত, তাহলে অনেক মজা হতো।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখিমেলায় ঢাকা থেকে আসা হাবিবুর রহমানের সাত বছরের মেয়ে নেহা এভাবেই তার অভিব্যক্তি প্রকাশ করল। ‘পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখিমেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এ মেলার আয়োজন করে। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। এ সময় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মফিজুল কবির, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক প্রমুখ উপস্থিত ছিলেন। শিশু, যুবাসহ সব বয়সের দর্শক এ মেলা উপভোগ করে।উদ্বোধনী অনুষ্ঠানের আগে হেঁটে হেঁটে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পাখি দেখে তা শনাক্তকরণের মধ্য দিয়ে আন্তবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় চারজন করে জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট চারটি দল অংশ নেয়। ঘণ্টাব্যাপী এ প্রতিযোগিতায় মোট ৫৬টি পাখি শনাক্ত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইসরাত জাহানের ‘নীলকণ্ঠ’ দল চ্যাম্পিয়ন এবং ৪৮টি পাখি শনাক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. ফয়সালের ‘স্বর্ণ ইগল’ দলটি রানার আপ হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জহির রায়হান মিলনায়তনে শিশু-কিশোরদের পাখির ছবি আঁকার প্রতিযোগিতা হয়। দিনব্যাপী এ মেলায় জহির রায়হান মিলনায়তনে পাখির আলোকচিত্র ও পত্রপত্রিকা প্রদর্শনী, পাখিবিষয়ক উপস্থিত বক্তৃতা, পাখিবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পাখিবিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের লেকে টেলিস্কোপ দিয়ে দর্শনার্থীদের পাখি দেখার ব্যবস্থা করা হয়।উপাচার্য শরীফ এনামুল কবির বলেন, ক্যাম্পাসে পাখির বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা হয়েছে। আর এ লক্ষ্যে জলাশয় পুনঃ খনন, পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধক ফুলগাছের চারা রোপণ করা হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পাখির প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের যে মমত্ববোধ ও সচেতনতা রয়েছে, তা এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। মেলা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মফিজুল কবির বলেন, ‘ক্যাম্পাসে প্রতিবছরই পাখির সংখ্যা কমে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে।’ তিনি বলেন, পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।