পাখির অভয়ারণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত জেঁকে বসেছে। আগেই মুঠোফোনে যোগাযোগ করে রেখেছিলাম। যাব কুষ্টিয়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আটিগ্রাম। উদ্দেশ্য, সেখানে এক স্কুলশিক্ষকের বাড়ির বাঁশবাগানে পাখিদের অভয়ারণ্য ও অতিথি পাখি দেখব।
খুব সকালে রওনা দিলাম। গ্রামের বাজার পার হয়ে একটু যেতেই পাখিদের কলরব শুনতে পেলাম। বেশ কিছু পাখি উড়ে বেড়াচ্ছে। গ্রামের সড়কের পাশে পুকুরপাড়ের বাঁশবাগানে এই পাখিদের বাসা। প্রায় দুই একর জায়গাজুড়ে এ বাঁশবাগান। মধ্যে আছে ১৫টি শিমুল ও ১০টি শিশুগাছ। এখানেই বাসা করেছে শামুকখোল পাখি। রয়েছে বাদুর, পানকৌড়ি, কানিবক, কাক, শালিক, ঘুঘু, তিন প্রজাতির মাছরাঙা, ডাহুক। অতিথি পাখির মধ্যে রয়েছে খঞ্জনি, হুদহুদ, ফুটকিসহ প্রায় ৩০ প্রজাতির পাখি। কথা হলো বাগানের মালিক স্থানীয় আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ হোসেনের সঙ্গে। বাঁশবাগান ঘুরে দেখা মিলল সাদা-কালোয় মেশানো হাজার খানেক জলচর পাখি ও তাঁদের কয়েক শ বাসা। এই পাখিদের বাংলা নাম এশীয় শামুকখোল। প্রজননের সময় এরা টকটক শব্দ করে। এলাকার মানুষ আনন্দ পায়। বাঁশবাগানের মধ্যে ৩০টি আম, শিমুল, ইপিল ইপিল, শিশু ও মেহগনিগাছে পাখিদের বাসা। বাসার ভেতর থেকে ছানাগুলো ডাকছে। তাদের খাওয়াতে ব্যস্ত মা পাখিরা। কোনোটি ডিমে তা দিচ্ছে, আবার কোনোটি বাসা বাঁধছে আপন মনে। বাঁশবাগানের মধ্যে ডিমের খোল পড়ে থাকতে দেখা গেল। পাখিদের এই অভয়ারণ্য কত দিন ধরে আছে জানতে চাইলে আলফাজ হোসেন বলেন, ২০০৩ সালের দিকে বাঁশবাগানের মধ্যে বড় আমগাছটিতে বেশ কিছু এশীয় শামুকখোল এসে আশ্রয় নেয়। কিছুদিন থেকে ওরা চলে যায়। পরের বছর সংখ্যায় আরও বেশি আসে। আবারও চলে যায়। ২০০৫ সালের দিকে আবার আসে, এবার এসেই নীড় বাঁধা শুরু করে। সেই থেকে পাখিরা আর গেল না। গ্রামের লোকজন এই দৃশ্য দেখে বেশ আনন্দ পেলেন। আট বছরে পাখির সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। আলফাজ জানান, পাখিরা আশপাশের বাড়ির আম, জাম, লিচুসহ বিভিন্ন গাছের অনেক নতুন ডাল এবং বাঁশের মাথা ভেঙে ফেলছে। এদের বিষ্ঠার দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। এত যন্ত্রণার পরেও গ্রামের সবাই পাখিদের খুব ভালোবাসে। ঝড়-বৃষ্টি হলেই গ্রামের যুবকেরা ছুটে যায় বাঁশবাগানে। পাখির ছানা পড়ে থাকতে দেখলেই তাঁদের নীড়ে তুলে দিয়ে আসে।
গত বছর এলাকার প্রভাবশালী এক ব্যক্তি কয়েকটি পাখি শিকার করেছিলেন। তখন প্রথম আলোতে ওই সংবাদ ছাপা হয়। এরপর প্রশাসন সক্রিয় হলে বন্ধ হয় পাখি শিকার। পাখিরা ছানাসহ এখন বেশ নিরাপদেই আছে বলে জানালেন আলফাজ হোসেন। পাখিগুলো এখানে থাকায় তাঁদের কিছু উপকারও হয়েছে। কারণ, বিভিন্ন জলজ উদ্ভিদ ছাড়াও এগুলো সাপের বাচ্চা ও জোঁক খেয়ে ফেলে।