পাখির অভয়ারণ্য যাত্রাবড়বাড়ি গ্রাম
হবিগঞ্জ জেলা সদর থেকে মাত্র আট কিলোমিটার দূরে যাত্রাবড়বাড়ি গ্রাম। প্রতিদিন বিকেল হলেই ঝাঁকে ঝাঁকে পাখি আসে গ্রামটিতে। তাদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আর এ দৃশ্য দেখতে দূর থেকে ছুটে আসছে মানুষ।
নিরিবিলি এ গ্রামে বসবাস করে কয়েক শ মানুষ। তাদের বাড়ির সামনে থাকা বিভিন্ন গাছগাছালিতে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে পানকৌড়ি ও বক আশ্রয় নেয়। বিশেষ করে গ্রামের মহুরিবাড়ি হিসেবে পরিচিত বাড়িটির গাছেই পাখিদের আনাগোনা বেশি দেখা যায়। যার মধ্যে পানকৌড়ি আর বকের সংখ্যাই বেশি।
পাখিদের কিচিরমিচিরে প্রতিদিন ভোরে গ্রামের মানুষের ঘুম ভাঙে। রোদ ওঠার আগেই পাখিরা খাবারের খোঁজে চলে যায় পার্শ্ববর্তী যাত্রাবড়বাড়ির হাওরে। এরপর বিকেল বা সন্ধ্যার আগ মুহূর্তে তারা ছুটে আসে তাদের আশ্রয়স্থলে।
গ্রামের বাসিন্দা সুমন বলেন, পাঁচ বছর ধরে এ গ্রামে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পাখিরা থাকে। গ্রামবাসী কেউ এ পাখি শিকার করে না বা কাউকে ধরতেও দেয় না। শহর থেকে পাখি দেখতে এসেছেন আশরাফুর রহমান ও তাঁর পরিবার। তিনি বলেন, এত সুন্দর পাখির সমাগম এর আগে তিনি কোথাও দেখেননি।
এ বিষয়ে কথা হয় বৃন্দাবন সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে।
তিনি বলেন, পানকৌড়ি ও বকের প্রধান খাদ্য হচ্ছে ছোট ছোট মাছ। যেসব জায়গায় তাদের খাবার জোটে সাধারণত সেসব জায়গাতেই তারা যায়। যাত্রাবড়বাড়ি গ্রামের লোকজন এ পাখিগুলোকে শিকার না করা বা ভয়ভীতি না দেখানোর কারণে হয়তো তারা গ্রামটিকে অভয়াশ্রম হিসেবে বেছে নিয়েছে।