পাখির কলকাকলিতে মুখর হাকালুকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল বেঁধে পাখিরা জলাশয়ে নেমে খাবার খুঁজছে। মানুষের সাড়াশব্দ পেলেই তারা ডানা মেলে উড়াল দিচ্ছে। নানা প্রজাতির পরিযায়ী পাখির সমাগমে এখন মুখর মৌলভীবাজারের হাকালুকি হাওর।
মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা এবং সিলেটের গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে হাকালুকি হাওরটি বিস্তৃত।
৯ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, বড়লেখা উপজেলার বাইয়া ও উত্তর গজুয়া-দক্ষিণ গজুয়া বিল অভয়াশ্রমে বিপুলসংখ্যক পাখির সমাগম। বাইয়া বিল অভয়াশ্রমের পাহারাদার আবদুল কাইয়ুম বলেন, এইখানে পাখিরা খাবার পায়, নির্ভয়ে থাকে। মানুষজনও পাখিদের বিরক্ত করে না। বিলের আশপাশের জমিতে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কয়েকজন কৃষক জানান, প্রতিবছর এ সময়টাতে পাখিশিকারিরা গোপনে বিষটোপ ছিটিয়ে এবং জাল দিয়ে ফাঁদ পেতে পাখি হত্যা করে। তবে এবার তাঁদের এলাকায় এখনো এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
হাকালুকি হাওরের উন্নয়নে কর্মরত পরিবেশ অধিদপ্তরের সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের কুলাউড়া কার্যালয়ের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা বশির আহমেদ জানান, এখন পর্যন্ত হাওরে চখাচখি, শামুকখোল, খোঁপাডুবুরি, দেশি পানকৌড়ি, লেনজাহাঁস, মরচে রং ভুঁতিহাঁস, পাতি ভুঁতিহাঁস, টিকিহাঁস, গিরিহাঁসসহ আরও কিছু পরিযায়ী পাখি দেখা গেছে।
বশির আহমেদ জানান, পাখিশিকারিদের অপতৎপরতা ঠেকাতে হাওরের বিভিন্ন অভয়াশ্রম দেখভালের দায়িত্বে থাকা গ্রাম সংরক্ষণ দলের সদস্যদের সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।