পাখির কলতান আর সমুদ্র দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার পারকি সমুদ্রসৈকত ঘেঁষেই গড়ে উঠেছে লুসাই রি​েসার্ট অ্যান্ড পার্ক। রিসোর্টের গাছগাছালি ছাওয়া পুকুর (ইনসেটে) l প্রথম আলো
আনোয়ারার পারকি সমুদ্রসৈকত ঘেঁষেই গড়ে উঠেছে লুসাই রি​েসার্ট অ্যান্ড পার্ক। রিসোর্টের গাছগাছালি ছাওয়া পুকুর (ইনসেটে) l প্রথম আলো

পুকুরপাড়ে গাছের ছায়ায় বসে পাখির ডাক শুনতে শুনতে সমুদ্র দেখতে কেমন লাগবে? তার ওপর যদি সমুদ্রে গা ভিজিয়ে এসে পুকুর থেকে তোলা তাজা মাছ দিয়ে সারা যায় দুপুরের খাবার?
খুব দূরে যেতে হবে না, এমন জায়গা আছে হাতের কাছেই। চট্টগ্রাম শহর থেকে এক ঘণ্টা দূরত্বে অবস্থিত আনোয়ারার পারকি সৈকত ঘেঁষেই গড়ে উঠেছে লুসাই পার্ক অ্যান্ড রিসোর্ট। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এই রিসোর্টে বসেই উপভোগ করা যাবে পারকি সৈকতের সৌন্দর্য্য। এখানে আছে বনভোজন ও পরিবার নিয়ে ঘোরার ব্যবস্থা। ঝাউগাছে ছাওয়া প্রশস্ত পারকি সৈকতে যাঁরা একটা গোটা দিন কাটাতে চান, তাঁদের জন্য আদর্শ স্থান হতে পারে লুসাই রিসোর্ট।
চট্টগ্রাম শহরের শাহ আমানত সেতু এলাকা থেকে থেকে আনোয়ারার বটতলীর মোহসেন আউলিয়ার মাজারগামী বাসে চেপে বন্দর সেন্টার নামক এলাকায় নামতে হবে। সেখান থেকে ৫০-৬০ টাকা ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় চেপে পৌঁছানো যাবে লুসাই রিসোর্টে। ব্যক্তিগত গাড়ি কিংবা ভাড়া করা যানবাহনে চেপে শহর থেকে সরাসরিও এই রিসোর্টে যাওয়া যায়। এতে সময়ও লাগে কম।
রিসোর্টের রেস্তোরাঁয় পাঁচ সদস্যের পরিবার নিয়ে এক বেলা খেতে গেলে ৫০০ থেকে দুই হাজার টাকা খরচ হবে। শাকসবজি, মিঠাপানির ও সামুদ্রিক মাছ এবং মাংসের বিভিন্ন পদ রান্না হয় এখানে।
বছর দুয়েক আগে সৈকতেই সাত একর জায়গায় গড়ে তোলা হয় এই রিসোর্ট। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এই রিসোর্ট সাজানো হয়েছে গাছগাছালি, বাগান ও পুকুর দিয়ে। পুকুর থেকে তাজা মাছ তুলে অতিথিদের জন্য রান্নাও করে দেওয়া হয় এখানে। এ ছাড়া চাইলে নৌকায় ঘুরে বেড়ানো যাবে। মিলবে সাঁতার কাটা ও গোসল করার সুবিধাও। দুপুরে বিশ্রাম নেওয়ার জন্য আছে তিনটি কটেজ। এখানে বসে উপভোগ করা যাবে সূর্যাস্ত। তবে বিদ্যুৎ সংযোগ না আসায় রাত যাপনের ব্যবস্থা নেই। পরিবার নিয়ে কিংবা সদলবলে বনভোজনেও আসা যেতে পারে এখানে। বনভোজনে আসা লোকজনের সুবিধার জন্য সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থাও রাখা হয়েছে। বনভোজনের জন্য খরচ পড়বে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা।
পার্কজুড়ে অন্ধকার নামতেই জ্বলে ওঠে বাতি। বিদ্যুৎ না থাকলেও রিসোর্টের আছে নিজস্ব জেনারেটর। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেলে রিসোর্টের নিজস্ব পরিবহনে চেপে বাড়ি ফেরার ব্যবস্থাও রাখা হয়েছে।