পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে উগলছড়িবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি গ্রাম। গ্রামের দক্ষিণ প্রান্তে গাছগাছালি ঘেরা বাড়িটি কৃষক কদম আলীর। নিজের বাড়িকে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলেছেন তিনি।
পাখিপ্রেমিক কদম আলী জানান, ১০ বছর আগে বটতলী গ্রাম থেকে উগলছড়িতে এসে তিনি বসবাস শুরু করেন। উগলছড়িতে বসবাসের শুরুতে দু-একটি পাখি এসে তাঁর বাড়ির আশপাশের গাছগাছালিতে বসত। বছর ঘুরতেই কয়েক শ সাদা বক এসে সেখানে বসতি গড়ে তোলে। দিনে দিনে বাড়তে থাকে বকসহ বিভিন্ন জাতের পাখির সংখ্যা। এখন চেনা-অচেনা নানা জাতের হাজার হাজার পাখি এখানে বসতি গেড়েছে। পরিযায়ী পাখিও আসে তাঁর বাড়িতে। তিনি জানান, বাড়ির চারপাশের তিনটি কড়ই এবং ৪০-৪৫টি সেগুনগাছে স্থান সংকুলান হচ্ছে না পাখিদের। এখন বাড়ির আশপাশের অন্যান্য গাছেও বাসা বাঁধতে শুরু করেছে পাখিরা। এসব পাখি দেখতে দূরদূরান্ত থেকে এখানে আসছেন অনেক মানুষ।
সম্প্রতি কদম আলীর বাড়ি গিয়ে দেখা যায়, সন্ধ্যা নামার আগেই কিচিরমিচির শব্দে দল বেঁধে ঘরে ফিরতে শুরু করেছে পাখিরা। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কলকাকলি তীব্র হতে থাকল। মুখর হয়ে উঠল কদল আলীর বাড়ির আশপাশের এলাকা।
স্থানীয় বাসিন্দা মো. হানিফ ও সিরাজুল হক বলেন, সারা দিন খাবারের খোঁজে খাল-বিল ও নদী-নালায় ঘুরে বেড়ায় পাখিরা। সূর্য ডোবার আগেই দল বেঁধে তারা বাসায় ফেরে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পাখিদের কিচিরমিচির শব্দে প্রথমে তাঁরা বিরক্ত হতেন। কিন্তু এখন বিষয়টি স্বাভাবিক হয়ে গেছে। ভোরে পাখিদের কিচিরমিচির ধ্বনিতে গ্রামের মানুষের ঘুম ভাঙে।
মো. কদম আলী প্রথম আলোকে জানান, প্রতিবছর পাখির সংখ্যা বাড়ছে। এখানে পাখির সংখ্যা হাজার দশেক হতে পারে। তিনি বলেন, ‘এখানে এসেও মাঝেমধ্যে পাখি শিকারিরা হানা দেয়। কিছুদিন আগে আমি দোকানে গেলে দুই শিকারি ১৬টি বক হত্যা করে। এখন আমি না থাকলে অন্য কাউকে পাহারায় রেখে যাই।’