পাখির ছবি ও গান কবিতায় একদিন

পাখির গান, কবিতা ও ছবি নিয়ে গতকাল মঙ্গলবার দিনব্যাপী আনন্দে মেতে ছিল রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ বার্ড ক্লাবের উদ্যোগে সেখানে পাখি মেলার আয়োজন করা হয়।
বিদ্যালয় দুটি হলো বনকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বনকিশোর উচ্চবিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়টির মাঠে ওই মেলা হয়। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। গ্রামের মানুষেরাও মেলায় ঘুরতে আসে।
মেলায় অতিথি ছিলেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইনাম আল হক ও সহসভাপতি অণু তারেক, বনকিশোর উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল লতিফ, বর্তমান প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, বনকিশোর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামান ও স্বেচ্ছাসেবী সংগঠন ওরা ১১ জন-এর সদস্যরা। সকাল ১০টায় ইনাম আল হক মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলা প্রাঙ্গণে ৭০ প্রজাতির পাখির আলোকচিত্র প্রদর্শন করা হয়।
অতিথিরা তাঁদের বক্তব্যে প্রকৃতিতে পাখির গুরুত্ব তুলে ধরেন। মেলার মঞ্চে একে একে পাখিবিষয়ক গান-কবিতার প্রতিযোগিতা চলতে থাকে। মাঠের অপর প্রান্তে চলে পাখি নিয়ে কুইজ ও ছবি আঁকার প্রতিযোগিতা। সবশেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় পাখির ছবি ও গল্প নিয়ে লেখা বিভিন্ন বই।
পাখি নিয়ে কুইজ প্রতিযোগিতায় বনকিশোর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি খাতুন প্রথম ও যৌথভাবে দ্বিতীয় হয়েছে সপ্তম শ্রেণির প্রভাষ কুমার, তামিম ইকবাল ও নাহিদ হাসান।
পাখির ছবি এঁকে প্রথম হয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আনতারা, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে একই শ্রেণির সায়লা ও নীলাঞ্জনা। ছবি এঁকে ছোটদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আলাউদ্দিন, সানজিদা ও সাফিয়া। পাখির গানে প্রথম হয়েছে প্রথম শ্রেণির মোহনা, দ্বিতীয় হয়েছে পঞ্চম শ্রেণির মুক্তা এবং তৃতীয় হয়েছে সপ্তম শ্রেণির লামিয়া ও তার দল। কবিতায় প্রথম হয়েছে দ্বিতীয় শ্রেণির নওরীন, দ্বিতীয় হয়েছে পঞ্চম শ্রেণির নাদিম ও তৃতীয় হয়েছে দ্বিতীয় শ্রেণির আতিয়া।