পাখির ছবির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তার কালোগলা মানিকজোড়। এটা একটি পাখির নাম। আমাদের দেশে এই অনন্য সুন্দর পাখিটি প্রায় বিলুপ্ত হতে চলেছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দেখা গেল পাখিটির ছবি, আলোকচিত্র প্রদর্শনীতে।
গতকাল শুক্রবার ছুটির দিন সকাল থেকে বিকেল অবধি ৬০ প্রজাতির পাখির আলোকচিত্র ও ভিডিওচিত্রের প্রদর্শনী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে। বাংলাদেশ বার্ড ক্লাব, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যৌথভাবে বাংলাদেশে পাখিশুমারির ৩০ বছর পূর্তি উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী উপলক্ষে সকালে ছিল শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে পাখি ও প্রকৃতিপ্রেমীরা বনের প্রাকৃতিক বিস্তার ও পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে পাখির জন্য নিরাপদ আবাসস্থল ঘোষণার দাবি জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আবাসস্থল ও খাদ্যসংকট আর শিকারিদের তৎপরতায় পাখিরা বিপন্ন। পৃথিবীতে মোট ১১ হাজার প্রজাতির পাখি আছে, যার মধ্যে ৬৫০ প্রজাতির পাখিই বাংলাদেশে দেখতে পাওয়া যায়। কিন্তু নির্বিচারে পাখি মারা ও আবাসস্থল ধ্বংসের কারণে পাখিরা হারিয়ে যাচ্ছে।