পাখির জন্য পদ্মার চর সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতি মাছরাঙা একটি মাছ তুলেছে মুখে। মাছটি গিলে ফেলার জন্য ঠোঁট ফাঁক করেছে। সেই মুহূর্তে মাছটি দুই ঠোঁটের মাঝখানে চলে গেছে। বিশেষ এই মুহূর্তটিও ক্যামেরাবন্দী হয়েছে।
এ রকম বিরল ৪৯টি পাখির আলোকচিত্র নিয়ে দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে রাজশাহী বার্ডক্লাব। প্রদর্শনীতে দাবি উঠেছে, পাখির জন্য রাজশাহীর চরের একটি অংশ সংরক্ষণ করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে নগরের বড়কুঠি মুক্তমঞ্চে এ প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রদর্শনীর স্লোগান হচ্ছে, ‘পাখিরা বেঁচে থাক, পৃথিবীটা জুড়ে থাক’।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইউসিএনের কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমদ, বাংলাদেশ বার্ডক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, বাংলাদেশ বার্ডক্লাবের সভাপতি নিয়াজ আবদুর রহমান, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম, আওয়ামী লীগ নেতা আজিজুল আলম ও শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনা ফাউন্ডেশনের আহ্বায়ক আনিকা ফারিহা জামান।
ইনাম আল হক বলেন, ‘আমার জানামতে, বৈশ্বিক বিলুপ্তির তালিকায় রয়েছে এমন ছয়টি পাখি রাজশাহী শহরের পাশের চরে দেখা যায়। এ রকম সমৃদ্ধ চর দেশে দ্বিতীয়টি নেই, যেখানে বিরল পাখিগুলো এক জায়গায় টিকে আছে।’ তিনি রাজশাহীর চরের একটি নির্দিষ্ট অংশ পাখিদের জন্য সংরক্ষণের দাবি জানান।
খায়রুজ্জামান রাজশাহীর চর নিয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, তিনি জানতেন না এই চরে এত বিরল প্রজাতির পাখি থাকে। পাখিদের জন্য রাজশাহীর চরে একটি সংরক্ষিত এলাকা করতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করবেন।
প্রদর্শনীতে এসেছিলেন প্রকৌশলী শাহিদা আফরিন। তিনি বলেন, ‘পাখির ছবি দেখে আমি রীতিমতো মুগ্ধ। এত বিরল প্রজাতির পাখি আমাদের আশপাশেই থাকে, এই প্রদর্শনী দেখেই প্রথম জানতে পারলাম।’
প্রদর্শনীতে বাংলাদেশ বার্ডক্লাবের সহসভাপতি তারেক অণু, আলোকচিত্রী তানভীর অপু, হাসনাত রণি, তানিয়া খান সাথী, মুনতাসীর আকাশ, তামজিদ আলম টোকেনসহ ২১ জন আলোকচিত্রীর ছবি স্থান পেয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী আজ শনিবারও চলবে।