পাখির জন্য ভালোবাসা!

ডাহুক পাখির একটি পরিবারের দেখা মিলল খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী মুসলিমপাড়া গ্রামে। প্রতিদিন ছয়টি ছানা নিয়ে পুরুষ ও স্ত্রী ডাহুক খাবার খেতে আসে ওই গ্রামের রুছিয়া বেগম নামের এক নারীর বাড়িতে।
আজ শুক্রবার ভোরে রুছিয়া বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির রান্নাঘরের পাশে রয়েছে বাঁশঝাড় ও জঙ্গল। রুছিয়া বেগম রান্নাঘরের পাশে ভাত ও মুড়ি ছিটিয়ে রেখেছেন। কিছুক্ষণ পর শোনা গেল ডাহুক পাখির ডাক।
রান্নাঘরের পাশে ঘাপটি মেরে বসে থেকে দেখা গেল, ডাহুকি প্রথমে এসে পর্যবেক্ষণ করে চলে গেল। কিছুক্ষণ পরই ডাহুক-ডাহুকি ছয়টি বাচ্চা নিয়ে খেতে এল। মা ডাহুকি মুখে খাবার নিয়ে বাচ্চাগুলোর মুখে খাবার তুলে দিতে লাগল। এভাবে আধা ঘণ্টা খাবার খাওয়ার পর ডাহুক পরিবারটি জঙ্গলে চলে গেল।
রুছিয়া বেগম বলেন, এক বছর ধরে তিনি প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে ডাহুকের জন্য খাবার ছিটিয়ে দেন। প্রথমে দুটি ডাহুক খাবার খেতে আসত। এখন ছয়টি বাচ্চাসহ নিয়মিত খাবার খেতে আসে তারা।
রুছিয়া বলেন, ‘আমরা রান্নাঘরে বসে কাজ করলেও ডাহুকগুলো আমাদের ভয় করে না। ডাহুকগুলোকে প্রতিদিন খাবার দিতে আমার ভালো লাগে।’
রুছিয়া বেগমের বউমা আঁখি আক্তার (২৭) ও মেয়ে রোকেয়া আক্তার (২৮) জানান, বাড়িতে তাঁদের মা (রুছিয়া বেগম) না থাকলে তাঁরা খাবার দেওয়ার কাজটি করেন। ডাহুকগুলোকে খাবার দিতে তাঁদেরও ভালো লাগে।
ডাহুকের ইংরেজি নাম White-breasted waterhen, বৈজ্ঞানিক নাম Amaurornis phoenicurus। এই পাখির লেজের নিচের অংশে লালচে আভা থাকে। এর ঠোঁট হলুদ রঙের, ঠোঁটের ওপরে লাল রঙের একটি ছোট্ট দাগ রয়েছে। পুকুর, খাল, জলাভূমি, বিল ও নদীর গোপন লুকানো জায়গা পাখিটির খুব প্রিয়।
খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ার কারণে এখন অনেক পাখি দেখা যায় না। রুছিয়া বেগমের বাড়িতে পাখিরা নিয়মিত খাবার পায়। ডাহুকগুলো জায়গাটি নিরাপদ মনে করে বলে সেখানে নিয়মিত খাবার সংগ্রহ করতে আসে।’