
ঘাটে নৌকা তৈরি থাকা সত্ত্বেও প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে পদ্মায় নামা হলো না। ঘণ্টাখানেক রাজশাহী পুলিশ লাইনসের বটতলা ঘাটে বসে থেকেও অবস্থার পরিবর্তন না হওয়ায় রণে ভঙ্গ দিয়ে মোহনপুরের বিলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু সহসাই রওনা হতে পারলাম না। তাই নদীর ঘাটে বসে ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রেখে যা দেখছি, তা-ই ক্লিক করছি। পাশেই গাছের ডালে চুপচাপ বসে মনের আনন্দে পাকুড় ফলে ঠোঁট চালাচ্ছিল পাখিটি। ওকে যতবার দেখি ততবারই যেন নতুন পাখি দেখার আনন্দ পাই। ওর অতি সুন্দর পালকের রং আমাকে অভিভূত করে। বারবারই নতুন করে ছবি তুলি।
পাখিটির নাম হলো ভগীরথ। সুন্দর পালকের আমাদের এক আবাসিক পাখি। ছোট বসন্তবাউরি, ছোট বসন্তবাওড়ি বা ছোট আমতোতা নামেও পরিচিত। ইংরেজি নাম Coppersmith Barbet, Crimson-breasted Barbet বা Coppersmith। Megalaimidae
পরিবারের পাখিটির বৈজ্ঞানিক নাম Megalaima haemacephala.
ভগীরথ শক্ত ঠোঁটের ছোট আকারের গাঁট্টাগোট্টা পাখি। গড় দৈর্ঘ্য ১৭ সেন্টিমিটার ও গড় ওজন ৪০ গ্রাম। প্রাপ্তবয়স্ক পাখির দেহের ওপরটা গাঢ় ও নিচটা হালকা সবুজ, তার ওপর স্পষ্ট গাঢ় সবুজ রেখা। কপাল ও বুকে লাল পট্টি। চোখের চারদিক ও গলা হলদে। একটি কালো রেখা চোখের ওপর ও নিচের হলুদ পট্টিকে পৃথক করেছে। মজবুত কালচে ঠোঁট। পা ও পায়ের পাতা প্রবাল-লাল। নখ কালচে। অপ্রাপ্তবয়স্ক পাখির গলা কালো, বুকের পট্টি জলপাই-সবুজ। পেট ও বগলের ডোরাগুলোও সবুজ।
ভগীরথ সচরাচর দৃশ্যমান আবাসিক পাখি। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও দেখা যায়। গাছপালাসমৃদ্ধ অঞ্চল, পাতাঝরা বন, গ্রামীণ বন, শহরের বাগানে বিচরণ করে। দিবাচর এই পাখিগুলো সচরাচর একাকী, জোড়ায় বা ফলভুক পাখির মিশ্রদলে থাকে। এরা অনেকটা হাভাতের মতো খায়। নিজের দেহের দেড়-তিন গুণ খাবার অনায়াসেই সাবাড় করতে পারে। ফল ছাড়া ফুলের পাপড়ি, শুককীট এবং উইপোকাও খেতে পারে। এরা দ্রুত ও সোজা উড়তে পারে। প্রজননের সময় মাথা বারবার দুই পাশে ঘোরাতে থাকে ও অনররত ডাকতে থাকে।
দুবার ডিম-বাচ্চা তোলে। প্রথমবার ফেব্রুয়ারি-জুন ও দ্বিতীয়বার নভেম্বর-ডিসেম্বর। স্ত্রী-পুরুষ দুটিতে মিলে গাছের মরা বা শুকনো কাণ্ডে বা ডালে এমনভাবে গর্ত খুঁড়ে বাসা করে, যেন বাইরে থেকে তাতে বৃষ্টির পানি না ঢোকে। ডিম ফোটে ১২-১৬ দিনে। ডিমে তা দেওয়া ও বাচ্চা লালন-পালনের কাজ স্ত্রী-পুরুষ উভয়েই মিলেমিশে করে। ছানারা ২৮-৩২ দিনে উড়তে পারে। আয়ুষ্কাল ৮-৯ বছর।