পাখির নাম ভগেরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটা চড়ুই বা ভগেরী।  ছবি: মনিরুল খান
মোটা চড়ুই বা ভগেরী। ছবি: মনিরুল খান

আকার-গড়ন-ধরন ও দেখতে অনেকটাই চড়ুই পাখির মতো। চালচলন-লম্ফঝম্ফ করার কৌশলসহ খাদ্যও মোটামুটি একই রকম। চড়ুইয়ের চেয়ে মোটাসোটা স্বাস্থ্যবান পাখি, মাথাও চড়ুইয়ের চেয়ে বড়, তবে পাখিটি চড়ুই নয়। প্রজনন মৌসুমে পুরুষ পাখিটির চোখের ওপরটাসহ ঠোঁটের গোড়া ও চিবুক-বুক কালো হয়ে যায়। মাথার তালু-ঘাড়-পিঠসহ ডানা-লেজের উপরিভাগ ঘন ধূসর-বাদামি হয়। পিঠ ও পালকে লম্বালম্বিভাবে কালচে রঙের লম্বাটে ছোপ ফোটে। লেজের কিনারার পালক সাদা হয়ে যায়। বুক-পেট হলুদ। খাটো-শক্ত ঠোঁটটির রং যেমন গোলাপি, তেমনি পা দুখানাও গোলাপি রঙের। এমনিতেও পুরুষটির চকচকে সবুজাভ ঘাড়-মাথা, তাতে ধূসরের আভা ছড়ানো, পিঠে লম্বালম্বি কালচে রেখা টানা থাকে অসংখ্য। মেয়ে পাখিটি দেখতে প্রায় একই রকম, তার গলার নিচে হলুদ রং থাকে। অপ্রাপ্তবয়স্ক ছানাদের রং মা-বাবার মতোই। চোখের ওপর দিয়ে ও চোখের অল্প নিচ দিয়ে মোটা দুটি চওড়া রেখা টানা থাকে।
এই পাখির নাম মোটা চড়ুই বা ভগেরী। এটি আমাদের দেশের পরিযায়ী পাখি। মূলত হিমালয় অঞ্চলেই বসবাস এদের। ডিম-ছানাও তোলে সেখানে। আমাদের দেশের হাওর-বাঁওড়-বিলাঞ্চলের পাশের খেত-খামার, হালকা ঘাসবন এবং গভীর জঙ্গলের পাশের ছোট ঝোপঝাড় এলাকায় মাটিতে নেমে খাবার খায়। চড়ুইয়ের মতোই লাফিয়ে লাফিয়ে চলে। ডাকাডাকি করে। আমাদের আবাসিক জাতভাইদের সঙ্গে (চড়ুই-বাবুই-মুনিয়া ইত্যাদি) মিলেমিশে থাকে। ভগেরী বা মোটা চড়ুইয়ের ইংরেজি নাম Black-faced Bunting। বৈজ্ঞানিক নাম Emberiza spodocephala। দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার। ওজন গড়ে ৩০ গ্রাম।
মূল খাদ্য এদের নানান রকম শস্যবীজ-ঘাসের বিচি, কচি ঘাস-পাতার কিনারা ও কিছু পোকামাকড়। বৃহত্তর সিলেটের কিছু এলাকা, সুন্দরবন লাগোয়া জেলাগুলোসহ পদ্মা নদীর ধু ধু বালুচর-দ্বীপের ঘাসে ভরা চরাঞ্চলসহ আরও কিছু জায়গায় এদের দেখা মিলবে। গারো পাহাড়ের পাদদেশের মেঘালয় সীমান্ত ও জামালপুর-শেরপুরের সীমান্ত এলাকায়ও এদের দেখেছি।