হাকালুকি হাওরে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাখি নিয়ে গবেষণা। দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ১০ দিনব্যাপী এই গবেষণায় অংশ নিচ্ছেন। এর উদ্দেশ্য হলো, অতিথি পাখি থেকে বার্ড ফ্লু ছড়ায় কি না, তা জানা। এ ছাড়া অবস্থান নির্ণয়ের জন্য পাখির পায়ে রিং পরানো হবে। গতিবিধি দেখার জন্য পাখির শরীরে স্যাটেলাইট ট্যাগও বাঁধা হবে।পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের পাখিবিশেষজ্ঞ ইনাম আল হকসহ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (ফাও), ইউএস ওয়াইল্ড ট্রাস্ট, ওয়াইল্ড ট্রাস্ট অব বাংলাদেশ, বাংলাদেশ বার্ড ক্লাব, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি ও আইসিডিডিআরবির প্রতিনিধিরা এই গবেষণার সঙ্গে যুক্ত আছেন। পাখি গবেষণার সঙ্গে যুক্ত পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমদ প্রথম আলোকে বলেন, ‘এই গবেষণাদলটি অতিথি পাখি থেকে বার্ড-ফ্লু ছড়ায় কি না, এ নিয়ে গবেষণা করবেন। এ জন্য পাখির লালা, পায়খানা ও রক্ত সংগ্রহ করা হবে।’ তিনি আরও জানান, প্রথমত, অতিথি পাখির ওপর গবেষণা চালানো হবে। পাশাপাশি দেশি পাখি থেকে বার্ড-ফ্লুর সংক্রমণ হয় কি না, সেটা জানার জন্য রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগানের হ্রদেও একই রকম গবেষণা করা হবে। অতিথি পাখির ঘুরে বেড়ানোর জায়গা সম্পর্কে জানতে পাখির পায়ে রিং পরানো হবে। পাখি কোথায় কোথায় থাকে, এই রিংয়ের মাধ্যমে সেটা জানা যাবে। এ ছাড়া ২০টি পাখির গায়ে স্যাটেলাইট ট্যাগ বেঁধে দেওয়া হবে। স্যাটেলাইট ট্যাগের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে পাখির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা যাবে।