পাখির শরীরে ট্রান্সমিটার বসানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিথি পাখি থেকে বার্ড ফ্লুর ভাইরাস ছড়াচ্ছে কি না, তা নিশ্চিত হতে হাকালুকি হাওরে পাখির শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো এবং পায়ে রিং পরানোর কাজ চলছে। গতকাল সোমবার পর্যন্ত ১০টি অতিথি পাখির শরীরে ট্রান্সমিটার বসানো ও ১৪টির পায়ে রিং পরানো হয়েছে। এ ছাড়া পাখি ধরে সেগুলোর রক্ত, লালা ও মল সংগ্রহ করা হচ্ছে। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ১১ মার্চ পর্যন্ত।পরিবেশ অধিদপ্তরের সিডব্লিউবিএমপি (কোস্টাল অ্যান্ড ওয়েটল্যান্ড বায়োডাইভারসিটি ম্যানেজমেন্ট প্রজেক্ট) কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার বালিজুড়ী ও পলোভাংরা এবং কুলাউড়া উপজেলার উজানতুরল বিল এলাকা থেকে পাখি ধরা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত আটটি চখাচখি ও দুটি খুন্তে হাঁসের শরীরে ট্রান্সমিটার বসানো হয়েছে। আরও ১০টি পাখির শরীরে ট্রান্সমিটার বসানো হবে। যেসব পাখির শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো হয়েছে, সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। বাংলাদেশে পাখির শরীরে ট্রান্সমিটার লাগানোর ঘটনা এই প্রথম। সূত্র জানায়, পায়ে বাঁধা রিংয়ের মাধ্যমে পাখির অবস্থান জানা যাবে। ৬০০ পাখির পায়ে রিং পরানোর পরিকল্পনা রয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা ১০ দিনব্যাপী এ গবেষণাকাজে অংশ নিচ্ছেন। পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমদ বলেন, ‘যে পাখিগুলো পানিতে ডুব দেয় না, পানিতে ভেসে থাকে সেসব পাখির শরীরে ট্রান্সমিটার লাগানো হচ্ছে। অন্য যেসব পাখি ধরা হচ্ছে, তাদের সব কটির পায়ে রিং পরানো হচ্ছে। বার্ড ফ্লু সম্পর্কে নিশ্চিত হতে ধরা পড়া সব পাখির রক্ত, লালা ও মল সংগ্রহ করা হচ্ছে।