পাখির সংখ্যা হ্রাস বেড়েছে প্রজাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বাইক্কা বিলে জলচর পাখিশুমারি শেষ হয়েছে। বিলে গত দুই বছরের তুলনায় এ বছর জলচর পাখির সংখ্যা কমে গেছে। তবে প্রজাতির সংখ্যা বেড়েছে। এ বছর বাইক্কা বিলে ৪১ প্রজাতির পাঁচ হাজার ৬৪টি জলচর পাখি পাওয়া গেছে। বিলে দুর্লভ প্রজাতির ‘উত্তরে টিটি’ পাখির দেখা পাওয়া গেছে। যদিও সংখ্যায় মাত্র একটি। বাংলাদেশ বার্ড ক্লাবের উদ্যোগে এবং সমন্বিত রক্ষিত এলাকা সহব্যবস্থাপনা প্রকল্পের সহায়তায় (আইপ্যাক) বার্ড ক্লাবের সভাপতি, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক এবং আইপ্যাকের সামাজিক অর্থনীতিবিষয়ক উপদেষ্টা পল এম থম্পসনের নেতৃত্বে একটি দল গত রোববার ও সোমবার বিলে অবস্থান করে পাখি গণনা করে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইনাম আল হক জানান, প্রতিবছরের মতো এবারও বাইক্কা বিলে শুধু জলচর পাখি গণনা করা হয়েছে। ৪১ প্রজাতির পাঁচ হাজার ৬৪টি পাখি পাওয়া গেছে। উল্লেখযোগ্য পাখির মধ্যে রয়েছে: কালেম ২০৮টি, বড় বগলা ৪০০টি, কানিবক ৪৭১টি, সরালি ৮৬০টি, পাতারি হাঁস ৯০০টি। তিনি আরও জানান, এ বছর বাইক্কা বিলে প্রথমবারের মতো ‘উত্তরে টিটি’ পাখির দেখা পাওয়া গেছে। দেশে এ পাখিটি অতি দুর্লভ এবং বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির একটি। পাখিটির ইংরেজি নাম Northern Lapwing এবং বৈজ্ঞানিক নাম Vanellus Vanellus।ইনাম আল হক বলেন, বিলে কালেমের সংখ্যা চোখে পড়ার মতো কমে গেছে। বাইক্কা বিলে পাখির সংখ্যা কমার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর কারণ নির্ণয় গবেষণার বিষয়। তবে আপাতদৃষ্টে মনে হচ্ছে, অন্য কোথাও এর চেয়ে নিরাপদ স্থান হয়তো পাখিরা আবিষ্কার করে নিয়েছে।’আইপ্যাক সূত্র জানায়, ২০১১ সালের গণনায় এ বিলে ৩৮ প্রজাতির পাঁচ হাজার ৯৮৭টি এবং ২০১০ সালে ৪০ প্রজাতির ১২ হাজার ২৫০টি জলচর পাখি পাওয়া গিয়েছিল।