পাখির সঙ্গে সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৬ জন শিক্ষার্থী চারটি দলে ভাগ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের মধ্যে আটজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। বাকিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। পরীক্ষক হিসেবে সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক কামরুল হাসান ও পাখি বিশেষজ্ঞ সীমান্ত দীপু। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মো. আবদুল আজিজ ও পাখি বিশেষজ্ঞ মো. মনিরুল হাসান খান।ক্যাম্পাসে পাখি দেখামাত্র পরীক্ষককে ওই পাখির প্রজাতির নাম লিখে দিচ্ছেন শিক্ষার্থীরা। ঠিক হলেই পাচ্ছেন নির্দিষ্ট নম্বর। এভাবে গোটা ক্যাম্পাস ঘুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো. শামিমের দলটি ফটিকজল, খঞ্জন, কানি বক, কাদা খোঁচাসহ ৫৫টি প্রজাতির পাখি শনাক্ত করে চ্যাম্পিয়ন হয়। আর একই বিশ্ববিদ্যালয়ের বায়েজিদ খানের দলটি শামুক ভাঙা, কানা কূয়া, ডাহুক, গ্রেটটিট, মটর ঘুঘু, লাল চিল, ঘুডুকাসহ ৫০টি প্রজাতির পাখি শনাক্ত করে রানার্সআপ হয়। গতকাল শুক্রবার সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত চলে এই পাখি দেখা প্রতিযোগিতা।বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা ২০১০ উপলক্ষে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুধু পাখি দেখা প্রতিযোগিতা নয়, ছিল শিশু-কিশোরদের পাখিবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, বিতর্ক, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এ মেলার আয়োজন করে। ‘পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’ এ স্লোগান নিয়ে সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তন চত্বরে উপাচার্য শরীফ এনামুল কবির বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। উপাচার্য বলেন, ‘দেশের বিভিন্ন এলাকা ও দেশের বাইরে থেকে যেসব পাখি ক্যাম্পাসে আসে, সেগুলো আমাদের পরিবারেরই একটি অংশ। তাই ক্যাম্পাসে এদের বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে।’ পাখিমেলার আহ্বায়ক মো. মফিজুল কবির বলেন, পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শনার্থীরা পাখি সম্পর্কে জানতে ও শিখতে পারবে।সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনের গ্যালারিতে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা। দুটি বিভাগে এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুলের ২৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের লেকে দর্শনার্থীদের জন্য টেলিস্কোপ দিয়ে পাখি দেখার ব্যবস্থা করা হয়।