পাখিসহ গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ড
লালমনিরহাটে ১৬৮টি টিয়া পাখিসহ গ্রেপ্তার হওয়া একজন পাখি-ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার রাতে পাটগ্রামের বুড়িমারী থেকে একটি নৈশকোচে করে আতোয়ার আলী নামের একজন পাখি-ব্যবসায়ী ১৬৮টি টিয়া পাখি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। রাত নয়টার দিকে বাসটি লালমনিরহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ আতোয়ারকে পাখিসহ গ্রেপ্তার করে। আতোয়ারের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়ায়। পাখিগুলো জব্দ করে লালমনিরহাট প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।ওই বাসস্ট্যান্ডে রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান মোল্লা আতোয়ারকে ছয় মাসের কারাদণ্ড দেন। স্থানীয় সূত্রগুলো জানায়, এখন ভুট্টা চাষের ভরা মৌসুম। এ বছর সীমান্তবর্তী এলাকা জগতবেড় ও জোংড়া ইউনিয়নের কালীরহাট, ঝালাঙ্গী, সরকারেরহাট, ছিট জহর আলী, দহগ্রাম ও পানবাড়ী এলাকায় ব্যাপক হারে ভুট্টার চাষ হয়েছে। ভুট্টাখেতে আসা বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে টিয়া উল্লেখযোগ্য। এ সময় ভুট্টাখেতে সীমান্তের ওপার থেকে ঝাঁকে ঝাঁকে ছোট-বড় টিয়া পাখি আসে। শিকারিরা ফাঁদ পেতে টিয়া পাখি ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে। সূত্র আরও জানায়, টিয়া পাখি শিকারের জন্য বর্তমানে বগুড়া, ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক শিকারি পাটগ্রাম সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে অবস্থান করছে।