পাখিসহ শিকারি আটক
মৌলভীবাজারের হাকালুকি হাওরে বিষটোপ দিয়ে পাখি শিকারের সময় দুলা মিয়া (২৫) নামের এক শিকারিকে পাখিসহ আটক করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় লোকজন এই শিকারিকে আটক করে।স্থানীয় লোকজন, পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয় এবং বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার হাকালুকি হাওরের ফোয়ালা বিল এলাকায় তিনজন পাখি শিকারি বিষটোপ দিয়ে পাখি শিকার করছিলেন। বিষয়টি টের পেয়ে ফোয়ালা বিলের ইজারাদার ও হাকালুকি জাগরণী গ্রাম সংরক্ষণ দলের (ভিসিজি) সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বিলের পাহারাদারদের সহযোগিতায় শিকারিদের আটকের চেষ্টা চালান। এ সময় পাঁচটি পাখিসহ দুলা মিয়াকে আটক করা হয়। তবে তাঁর দুই সহযোগী এক বস্তা পাখিসহ পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।আটক দুলা মিয়ার বাড়ি বড়লেখা উপজেলার হাল্লা গ্রামে। মঙ্গলবার রাতেই দুলা মিয়াকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার রেঞ্জে হস্তান্তর করা হয়। এই ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে শিকারিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মো. ইমাম উদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, আটক শিকারিকে আজ (বুধবার) আদালতে পাঠানো হয়েছে।