পাগলার লেগুনে বিষ ঢেলে মাছ নিধন শুরু
ঢাকা ওয়াসার পাগলা পয়ঃশোধনাগারের লেগুনের মাছ আবারও বিষ ঢেলে নিধন করা হচ্ছে। গতকাল শনিবার পয়ঃশোধনাগারের ১৬টি লেগুনের মধ্যে দুটিতে বিষ ঢালা হয়। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান কার্যক্রমের উদ্বোধন করেন। গতকাল দুটি লেগুনের মাছ ধ্বংস করে সেগুলো পুড়িয়ে গর্তে পুঁতে ফেলা হয়। এ সময় ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এস ডি এম কামরুল আলম চৌধুরী, সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়াসার এসব লেগুনে দীর্ঘদিন ধরে মাছ চাষ চলছে। ওয়াসা দাবি করছে, এখন সেখানে প্রাকৃতিকভাবে মাছ জন্মায়। তবে স্থানীয় লোকজন জানায়, যে দল ক্ষমতায় থাকে সে দলের নেতাদের দখলে থাকে লেগুনগুলো। আওয়ামী লীগসহ মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রধানত স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা মাছ চাষে জড়িয়ে পড়েন। এতে ওয়াসার স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত। লেগুন পাহারা দেন ২০ জন আনসার সদস্য। স্থানীয় লোকজন ও ওয়াসার দায়িত্বশীল সূত্র বলেছে, মাছ চাষে সহায়তা করছেন আনসার সদস্যরা।এসব লেগুনে মাছ চাষ নিষিদ্ধ করা হয় ২০০২ সালে। ওই বছর ফেব্রুয়ারি মাসে লেগুনে মাছ চাষ সম্পর্কে প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে প্রথম বিষ ঢেলে মাছ মারা হয়। ওই বছর দুই দফায় এ কাজে সরকারের খরচ হয় প্রায় ২০ লাখ টাকা। এরপর প্রতিবছরই ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে মাছ মারা হয়। গত বছর ১০ লাখ ১০ হাজার টাকা খরচ হয়েছিল। এবার আরও বেশি খরচ হবে বলে ওয়াসা সূত্র জানিয়েছে।রাজধানীর পয়োবর্জ্যের প্রায় ৩০ ভাগ এই শোধনাগারে যায়। পয়োবর্জ্য শোধনের পর পানি লেগুনে রাখা হয়। বিজ্ঞান ও শিল্প গবেষণাগার এবং মৎস্য অধিদপ্তরের পরীক্ষায় ইতিপূর্বে লেগুনে চাষ করা মাছে মাত্রাতিরিক্ত কলিফর্ম, ইকোলাই, অ্যালুমিনিয়াম, দস্তা, ক্যাডমিয়াম, পারদসহ বিষাক্ত পদার্থ ও অণুজীব পাওয়া গিয়েছিল। লেগুনের মাছ খেলে জন্ডিস, ডায়রিয়া, পেটের পীড়াসহ নানা রোগ হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন। তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, নিয়মমাফিক এবারও সেখানে মাছ মারা হবে। ওয়াসার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের মাছ নিধন কার্যক্রম ১৬ মে পর্যন্ত চলবে। সংবাদ সম্মেলন শেষে বাউলশিল্পীরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে জানানো হয়, হামলার প্রতিবাদে আগামীকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন শিল্পীরা।