পাগলায় ওয়াসার লেগুনে বিষ ঢেলে মাছ মারা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের পাগলায় ঢাকা ওয়াসার পয়ঃশোধনাগারের লেগুনে (কৃত্রিম জলাশয়) বিষ ঢেলে মাছ মারার অভিযান শুরু হয়েছে। ওয়াসার পয়ঃশোধনাগারের ১৬টি পুকুরের মধ্যে গতকাল শনিবার দুটি পুকুরের মাছ মারা হয়। অভিযান চলবে ১০ দিন। অভিযোগ উঠেছে, অভিযানের আগের দুই রাতে লেগুন থেকে প্রভাবশালী মহল প্রচুর মাছ ধরে সরিয়ে নেয়। এ কারণে লেগুনে বিষ প্রয়োগের পর অল্প কিছু মাছ মরে ভেসে ওঠে।গতকাল বেলা ১১টায় লেগুনে বিষ ঢেলে মাছ মারা শুরু করেন ওয়াসার লোকজন। লেগুনে নৌকায় করে রাসায়নিক পদার্থ পানিতে ছুড়ে দেওয়া হয়। এর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে লেগুনের পানিতে মাছ লাফালাফি করতে থাকে। অনেক মাছ লাফিয়ে লেগুনের ওপরেও উঠে যায়। পরে জাল টেনে মরা মাছ লেগুন থেকে তুলে স্তূপ করা হয়। মাছের স্তূপে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয় এবং পোড়া মাছ মাটিতে পুঁতে ফেলা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত দুটি লেগুনের মাছ মারা হয়। ভেসে ওঠা মাছের পরিমাণ ১৫ মণের বেশি হবে বলে ওয়াসা সূত্র জানিয়েছে।পুলিশ ও আনসারের অংশগ্রহণে মাছ মারার জন্য লেগুনে বিষ ঢালার সময় সেখানে শত শত লোক ভিড় জমায়। অভিযানের পর মরা বা আধা মরা মাছ ভেসে উঠলে অনেকে লেগুনে নেমে মাছ ধরে নিয়ে যায়। স্থানীয় কয়েকজন মন্তব্য করেন, যারা এসব মাছ সংগ্রহ করেছে, তারা হয় বাজারে বিক্রি করবে, নয়তো নিজেরাই খাবে।রাজধানীর ৩০ ভাগ পয়োবর্জ্য ওয়াসার এই শোধনাগারে আসে। ফলে শোধনাগারের এই পুকুরগুলোর পানিতে মাত্রাতিরিক্ত অ্যালুমিনিয়াম, ইকোলাই, কলিফর্ম, পারদ, দস্তা, ক্যাডমিয়াম এবং বিভিন্ন বিষাক্ত অণুজীব রয়েছে। এসব পদার্থ মাছের শরীরেও থাকছে। এ মাছ খেলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানান, লেগুনে জন্মানো মাছ খাওয়া ক্ষতিকর, তাই প্রতিবছরের মতো এবারও মাছ মেরে ফেলা হচ্ছে। তিনি বলেন, মাছ চাষ বা বিক্রি বন্ধে লেগুন এলাকায় নিরাপত্তাপ্রাচীর দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে। অভিযানকালে অন্যদের মধ্যে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী, প্রধান প্রকৌশলী কামরুল আলম চৌধুরী, ওয়াসার ম্যাজিস্ট্রেট ওয়াসির উদ্দিন আহমেদ, নাসিরউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।