পাগলায় কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের পাগলায় সেনাবাহিনীর ক্যাম্পের ভেতরে স্থাপিত ৫০ মেগাওয়াট ক্ষমতার কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। গত ১৫ জুলাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে ডিজেলচালিত এই কেন্দ্রটি স্থাপনের চূড়ান্ত চুক্তি হয়। এর পরবর্তী ১২০ দিনের মধ্যে এটি চালু করার শর্ত ছিল।৫০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি স্থাপন করেছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ ডিজেল প্লান্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে গঠিত দেশি-বিদেশি যৌথ উদ্যোগের কোম্পানি ‘ডিজেল প্লান্ট, প্রাইমরডিয়াল এনার্জি অ্যান্ড এগ্রিটেক (ডিপিএ) পাওয়ার জেনারেশন ইন্টারন্যাশনাল লিমিটেড’।কোম্পানির পক্ষে এই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক (প্রজেক্ট ইনচার্জ) তাজুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ৯ নভেম্বর রাত থেকে কেন্দ্রটিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করা হয়েছে। ১৫ নভেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা হবে। এই কেন্দ্র থেকে পিডিবি প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ১৩ টাকা ৯৬ পয়সা দরে।বাংলাদেশ ডিজেল প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী বলেন, কুইক রেন্টালের এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ১০০টি জেনারেটর ব্যবহূত হচ্ছে। কোনো জেনারেটরে ত্রুটি দেখা দিলে যেন উৎপাদন থেমে না যায় সে জন্য অতিরিক্ত পাঁচটি জেনারেটর রাখা হয়েছে। প্রকল্পের কর্মকর্তারা জানান, তিন বছর মেয়াদি এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২১০ কোটি টাকা।