পাগলায় ট্রেনের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত
নারায়ণগঞ্জের পাগলায় গতকাল রাতে ট্রেনের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। আহদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরফুদ্দিন জানান, রাত সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে একটি ট্রেন নারায়ণগঞ্জ আসছিল। পাগলার রসুলপুর এলাকায় লেভেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী লেগুনা রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় লেগুনাটিকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রেন। এতে ঘটনাস্থলেই লেগুনার এক যাত্রী নিহত হন। আহত হন ১৫ জন। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নারীসহ তিনজনের মৃত্যু হয়। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক ট্রেনের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।