পাগলায় লেগুনের মাছ নিধন শুরু
নারায়ণগঞ্জের পাগলায় ঢাকা ওয়াসার লেগুনে (এক ধরনের বড় পুকুর) গতকাল রোববার বিষ দিয়ে মাছ নিধন শুরু হয়েছে। গতকাল দুপুরে শোধনাগারের ১৬টি লেগুনের একটিতে বিষ ঢালা হয়। এ সময় সাংসদ সানজিদা খানম ও ওয়াসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লেগুনের মাছ রাজধানী ও আশপাশের বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছে অভিযোগ পেয়ে মাছ নিধনে ১৫ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, লেগুনে এখন কোনো মাছ চাষ করা না হলেও প্রাকৃতিকভাবে মাছ জন্মেছে। পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের অংশগ্রহণে লেগুনে বিষ ঢেলে দেওয়ার সময় ঘটনাস্থলে শত শত লোক ভিড় জমান। ঘণ্টাখানেকের মধ্যে মরা বা আধা মরা অবস্থায় মাছ ভেসে উঠলে এসব লোকও লেগুনে নেমে পড়েন।কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের নির্দেশে একপর্যায়ে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে জেলেরা জাল দিয়ে প্রায় ৩০০ কেজি মাছ উঠিয়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে লেগুনের পাড়ে পুঁতে ফেলেন। ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা ছাড়াও অভিযানকালে ওয়াসা কর্মকর্তা তাজুল ইসলাম, আবুল হাসনাত, আতিকুর রহমান, মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা শওকত আলী, পাগলা শিল্প মালিক সমিতির সভাপতি আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।