পাগলায় স্কুলছাত্র শুভ হত্যা মামলার আসামি খুন
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় র্যাবের মাদকবিরোধী অভিযানে স্কুলছাত্র শুভ হত্যা মামলার আসামি আলী হোসেন (৩০) খুন হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও ঘাটের কাছে বুড়িগঙ্গা নদী থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।নিহত আলী হোসেন পাগলা বউবাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাঁকে ধরতে গত ১৪ জুন রাতে র্যাব-১০-এর একটি দল পাগলা বউবাজারে অভিযান চালায়। অভিযানকালে র্যাব ও সন্ত্রাসীদের গুলিবিনিময়ের একপর্যায়ে পাগলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র স্বাধীন আহম্মেদ শুভ (১৪) নিহত হয়। ওই সময় গুলিবিদ্ধ হয় শুভর ছোট ভাই পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সোহাগ (৯) ও পাগলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বাদল (১৪)।এ ঘটনায় শুভর মা রহিমা বেগম আলী হোসেনকে আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। একই সঙ্গে র্যাব-১০-এর সার্জেন্ট সাইফুল ইসলাম বাদী হয়ে তাঁদের ওপর হামলার ঘটনায় আলী হোসেনের বিরুদ্ধে ফতুল্লা থানায় দুটি পৃথক মামলা করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীতে পানগাঁও খেয়াঘাটের কাছে আলী হোসেনের লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। খবর পেয়ে আলীর পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। আলীর মাথার ডান পাশে গুলির চিহ্ন রয়েছে।আলী হোসেন কীভাবে খুন হয়েছেন, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।আলীর ছোট বোন নীলা আক্তার বলেন, গত বৃহস্পতিবার সকালে আলী হোসেন বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। অনেক খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, সাংবাদিকদের লেখালেখি ও পুলিশের ভুল তথ্যের কারণে তাঁর ভাইয়ের এ পরিণতি হয়েছে। তবে আলীর মৃত্যুর জন্য তিনি কাউকে দায়ী করেননি।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, আলী হোসেনের লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানার সীমানার মধ্যে পাওয়ায় লাশটি ওই থানার পুলিশ উদ্ধার করেছে। তাঁরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবেন। এসআই হাবিবুর বলেন, আলী হোসেন পাগলার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে, তা খুঁজে দেখা হচ্ছে। তবে অনেকেই তাঁর বিরুদ্ধে ভয়ে থানায় অভিযোগ করতেন না। নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, আলী হোসেন স্কুলছাত্র শুভ হত্যা মামলার আসামি। পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য খুঁজছিল। সে কীভাবে খুন হলো, এখনো নিশ্চিত নন। তাঁর মৃত্যুর বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ তদন্ত করবে।