পাগলায় ৫০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র বসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সরকারি উদ্যোগের অংশ হিসেবে আরও একটি কেন্দ্র বসাতে গত বৃহস্পতিবার প্রাথমিক চুক্তি সই হয়েছে। ৫০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি স্থাপন করবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ ডিজেল প্লান্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে গঠিত দেশি-বিদেশি যৌথ উদ্যোগের একটি কোম্পানি। কোম্পানিটির নাম ‘ডিজেল প্লান্ট, প্রাইমরডিয়াল এনার্জি অ্যান্ড এগ্রিটেক (ডিপিএ) পাওয়ার জেনারেশন ইন্টারন্যাশনাল লিমিটেড’। ঢাকা নগরের শ্যামপুরসংলগ্ন পাগলা সেনাক্যাম্পের ভেতরে বিদ্যুৎকেন্দ্রটি স্থাপিত হবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ ডিজেল প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল মোহাম্মদ আলী ও প্রাইমরডিয়াল এনার্জির চেয়ারম্যান জাহাদ ঠাকুর নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। এই কোম্পানির বিদেশি (জার্মান) অংশীদার এগ্রিটেক প্রাইমরডিয়াল এনার্জিকে তাদের পক্ষে চুক্তি সইয়ের কর্তৃত্ব দিয়েছে। কোম্পানিতে বাংলাদেশ ডিজেল প্লান্টের অংশীদারি ৩০ শতাংশ। প্রাইমরডিয়াল এনার্জির ৩০ শতাংশ এবং এগ্রিটেকের ৪০ শতাংশ।কেন্দ্রটির জ্বালানি হবে ডিজেল। প্রাথমিক চুক্তি অনুযায়ী ওই কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ১৩ টাকা ৯৭ পয়সা। প্রস্তাবটি এখন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে। তাদের অনুমোদন পেলে চূড়ান্ত চুক্তি সই হবে। ওই চুক্তি সইয়ের পরবর্তী ১২০ দিনের মধ্যে কেন্দ্রটিতে উৎপাদন শুরু করতে হবে। এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে উদ্যোক্তা কোম্পানির চেয়ারম্যান, বর্তমানে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) এবং বাংলাদেশ ডিজেল প্লান্টের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান লে. জেনারেল ইকবাল করিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সুবিধাজনক জায়গা না পাওয়ায় সরকার ৫০ মেগাওয়াটের জন্য অনুমোদন দিয়েছে। এরপর জায়গা পাওয়া গেলে এবং সরকারের অনুমোদন পেলে আরও ৫০ মেগাওয়াট করার ইচ্ছা আমাদের আছে।’কোম্পানির আরেকটি সূত্র জানায়, পাগলা সেনাক্যাম্পসংলগ্ন এলাকায় প্রায় ১৩ একর সরকারি নিচু জমি পতিত অবস্থায় আছে। সরকার ওই জমি ব্যবহার করতে দিলে তারা সেটির উন্নয়ন করে আরও বিদ্যুৎকেন্দ্র করতে পারে।সরকারের কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন উদ্যোগের অংশ হিসেবে এখন পর্যন্ত ১৩টি কেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে। এই কেন্দ্রগুলোর সর্বমোট উৎপাদনক্ষমতা এক হাজার ১৫৭ মেগাওয়াট। এর মধ্যে চারটি কেন্দ্র হবে ডিজেলচালিত। বাকি নয়টি চলবে ফার্নেস তেলে।