পাঙ্গাশিয়া সেতু ধসে চলাচলে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পাঙ্গাশিয়া সেতুটি ধসে পড়ায় লোকজন চরম দুর্ভোগে পড়েছে। এ কারণে পাঙ্গাশিয়ার সঙ্গে দুমকি সদর উপজেলা ও জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশের বদরপুর ইউনিয়নের নারী, শিশু ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও কষ্ট করে খেয়া পার হয়ে পাঙ্গাশিয়ায় আসছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এবং এলাকার লোকজন জানায়, ১৯৯০ সালে পটুয়াখালী এলজিইডির তত্ত্বাবধানে সাড়ে ২৭ লাখ টাকা ব্যয়ে লোহার বিমের ওপর কংক্রিটের ঢালাই দিয়ে এই সেতু নির্মাণ করা হয়। সেতুটি ছিল দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের সঙ্গে উপজেলা সদর ও জেলা সদরের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম। এ ছাড়া পাঙ্গাশিয়া ও সদর উপজেলার বদরপুর গ্রামের লোকজনও এই সেতু দিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন। ২০ জুলাই রাতে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় সেতুর মাঝখানের অংশটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে বাল্কহেডটিও ঘটনাস্থলে ডুবে যায়। এর পর থেকেই পাঙ্গাশিয়ার সঙ্গে উপজেলা ও জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
২৩ জুলাই সকালে সরেজমিনে দেখা গেছে, লোকজন ঝুঁকি নিয়ে খেয়া পার হচ্ছে। চরম দুর্ভোগের শিকার হচ্ছে নারী, শিশু ও স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা।
পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম বলেন, তাঁর এলাকায় পাঙ্গাশিয়া নেছারিয়া কামেল মাদ্রাসা, পাঙ্গাশিয়া মহিলা আল-মদিনা মাদ্রাসা, মমতাজ উদ্দিন কলেজ, পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঙ্গাশিয়া নেছারিয়া প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া পাঙ্গাশিয়া এলাকা থেকে অনেকে জেলা সদর ও উপজেলা সদরের কর্মস্থলে যেতেও সেতুটি ব্যবহার করতেন। জরুরি ভিত্তিতে নতুন সেতু নির্মাণ বা মেরামত করা না হলে দুর্ভোগ চরম আকার ধারণ করবে।
এলজিইডি পটুয়াখালীর নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হানিফ প্রথম আলোকে বলেন, সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হলেও নদীর স্রোতের কারণে কাজ চালানো সম্ভব হচ্ছে না। এই স্থানে নতুন করে আরসিসি কংক্রিটের ঢালাই সেতু নির্মাণ করা প্রয়োজন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।