পাচার বাংলাদেশিদের আনতে ব্যবস্থা নিচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রসচিব শহিদুল হক বলেছেন, বিভিন্ন দেশে পাচারের শিকার হওয়া যেসব বাংলাদেশির খবর পাওয়া যাচ্ছে, তাদের দেশে ফেরত আনার ব্যবস্থা করবে সরকার।

আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘মানব পাচার প্রতিরোধ এবং পাচারের শিকার লোকদের প্রত্যাবর্তন’ শীর্ষক এক কর্মশালায় পররাষ্ট্রসচিব এ কথা বলেন।
পররাষ্ট্রসচিব বলেন, যারা বাংলাদেশি তাদের পরিচয় নিশ্চিত করে দেশে ফিরিয়ে আনা হবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। আর বাংলাদেশিরা কেন এভাবে মালয়েশিয়া যাচ্ছে সেটিও খুঁজে দেখতে হবে। বৈধভাবে কর্মী পাঠানো বাড়াতে হবে।
কর্মশালায় বক্তারা বলেন, রোহিঙ্গাদের কারণেই সমুদ্রপথে মানবপাচার সংকট। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যারা আটক হচ্ছে তাদের ৬০ ভাগই রোহিঙ্গা। ৪০ ভাগ বাংলাদেশি। কাজেই আন্তর্জাতিক মহলকে এই সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের ওপর চাপ দিতে হবে। আর পরিচয় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশিদের ফেরত নিয়ে আসা হবে।
এ ছাড়া বক্তারা যথাসময়ে সমুদ্রপথে মানবপাচার সমস্যাটি নজরে না আনার সমালোচনা করেন। এই সমস্যা সমাধানে মাঠপর্যায়ের বিভিন্ন বাহিনীর সক্ষমতা বাড়ানো, জনসচেতনতা তৈরি এবং বৈধপথে কর্মী পাঠানো বাড়ানোর সুপারিশও করা হয় কর্মশালায়।
কর্মশালার প্রধান অতিথি মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা বলেন, রোহিঙ্গা সমস্যার কারণে মানব পাচার বেড়েছে। মানব পাচার রোধ করার মূল দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে তাদের একার পক্ষে এটি সমাধান করা সম্ভব নয়। এ কারণেই সব মন্ত্রণালয়ের যে কমিটি আছে সেটিকে কার্যকর করতে হবে।
মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি কাজী রিয়াজুল হক বলেন, ‘মানবপাচার কেবল বাংলাদেশ নয় আঞ্চলিক সমস্যা। কাজেই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গেও কথা বলতে হবে। প্রয়োজনে দ্বিপক্ষীয় বা আঞ্চলিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে আলোচনা করতে হবে’।
আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সচিব নাসরিন বেগম বলেন, সমুদ্রপথে যারা পাচার হচ্ছে তাদের বেশির ভাগই প্রতারণার শিকার। তবে স্বেচ্ছায় কেউ বারবার গেলে তার শাস্তি হতে পারে। মানবপাচার আইনে যে তহবিল গঠনের কথা আছে সেটি গঠনের পরামর্শ দেন তিনি।
কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও কুতবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাঠপর্যায়ে কর্মরত কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী তাদের নানা সংকটের কথা তুলে ধরেন কর্মশালায়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) বাংলাদেশ প্রধান শরৎ দাস, বেসরকারি সংস্থা নিজেরা করির সমন্বয়ক খুশি কবীর, চট্টগ্রামের জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর প্রমুখ।