পাচার হওয়া নারী নিজেই এখন পাচারকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বছর তিনেক আগে একটি দালাল চক্র ভারতে পাচার করে এক নারীকে (২৮)। মুম্বাই নিয়ে ওই দালাল তাঁকে যৌনপল্লিতে বিক্রি করে দেয়। একপর্যায়ে তিনিই হয়ে যান পাচারকারী। তিনি নিজ এলাকার পাঁচজন নারীকে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মুম্বাই নিয়ে যৌনপল্লিতে বিক্রি করে দেন বলে জানা গেছে। এ কাজে সহায়তা করেন তাঁর ভাই ফারুক হাওলাদার।ওই ছয়জন নারীর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। গত এক বছরে তাঁদের ভারতে পাচার করা হয়। সম্প্রতি তাঁদের মধ্যে দুজন দেশে ফিরে ঘটনার বর্ণনা দেন।গত রোববার কালিকাবাড়ি গ্রামে গিয়ে ফিরে আসা এক নারীর স্বামীর সঙ্গে কথা হয়। তিনি জানান, তাঁর স্ত্রী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। জানুয়ারি মাসে তাঁর স্ত্রীকে ফারুক হাওলাদার একটি শাড়ির কারখানায় চাকরি দেওয়ার কথা বলে মুম্বাই নিয়ে যান। সেখানে তাঁর স্ত্রীকে একটি যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়। পরে তাঁর স্ত্রী বিষয়টি মুঠোফোনে তাঁকে জানান। এরপর তিনি এক দালালকে মোটা অঙ্কের টাকা দিয়ে স্ত্রীকে দেশে ফিরিয়ে আনেন। পরে তাঁর স্ত্রী স্থানীয় ইউনিয়ন পরিষদে (ইউপি) ফারুক হাওলাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর পর থেকে ওই নারী স্বামীসহ আত্মগোপনে আছেন।স্থানীয় লোকজন অভিযোগ করেন, কালিকাবাড়ি গ্রামের দুই নারী ও ফারুক হাওলাদার নারী পাচারকারী দলের সদস্য। তাঁরা এখন ভারতে আছেন। এই চক্র এক বছরে পাঁচজন নারীকে মুম্বাইয়ে পাচার করেছে। এর মধ্যে দুজন সম্প্রতি দেশে ফিরে এসেছেন। পাচার হওয়া নারীদের পরিবারের দাবি, তাঁরা সেখানে কাজ করছেন এবং বাড়িতে নিয়মিত টাকা পাঠাচ্ছেন।আমড়াগাছিয়া ইউপির চেয়ারম্যান সুলতান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে এই ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য হেমায়েত শরিফ ফারুকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।এলাকাবাসীর অভিযোগ, ফারুক হাওলাদার খারাপ প্রকৃতির লোক। ভয়ে কেউ তাঁর অনৈতিক কাজের প্রতিবাদ করছে না। ফারুক হাওলাদার মুঠোফোনে পাঁচ নারীকে ভারতে পাচারের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব ফালতু কথা।’মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ জানান, তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।