পাচার হওয়া নারীরা দেশে ফিরে আরেক বাস্তবতার মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর থেকে এক বাবা এসেছেন তাঁর মেয়েকে নিতে। প্রায় তিন বছর পর তাঁদের দেখা। অথচ বাবা-মেয়ে কারও মুখেই হাসি নেই। মেয়েটি তিন বছর আগে পাচার হয়েছিলেন।কয়েকটি বেসরকারি সংস্থার প্রচেষ্টায় গত মঙ্গলবার রাতে ছয় নারী দেশে ফিরেছেন। গত বৃহস্পতিবার ফিরেছেন আরও ৩০ নারী, তাঁরা আছেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) সেফ হোমে। ফরিদপুরের মেয়েটিকে তাঁর পরিবার ফিরিয়ে নিতে এলেও পাচারের শিকার নারীদের অনেককেই পরিবার ফিরিয়ে নিতে চায় না।গত বুধবার বিএনডব্লিউএলএর আগারগাঁওয়ের কার্যালয়ে কথা হয় ওই বাবা ও তাঁর মেয়ের সঙ্গে। ওই বাবা বলেন, তিনি ঢাকায় কাজ করেন। তাঁর মেয়েকে ফরিদপুর থেকে স্থানীয় এক ব্যক্তি ফুসলিয়ে নিয়ে যায়। মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার পর ‘সমাজ’ কী প্রতিক্রিয়া দেখাবে, তা নিয়েই দুশ্চিন্তাগ্রস্ত তিনি।ওই পাচারকারীদের বিরুদ্ধে মামলা করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আপারা (বিএনডব্লিউএলএ) যদি মামলা করেন, তয় সাক্ষ্য দিমু।’ বিএনডব্লিউএলএর কর্মকর্তারা বলেন, অভিভাবক অথবা পাচারের শিকার ব্যক্তি মামলা না করলে অপরাধীদের ধরার সুযোগ খুবই কম।ওদের কথা: হালকা-পাতলা গড়নের মেয়েটির বয়স এখনো ১৮ পেরোয়নি। ২০১১ সালে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া থেকে সে পাচার হয়ে যায় ভারতে। কয়েকটি এনজিওর সহায়তায় দেশে ফিরে এলেও ছয় মাস ধরে মেয়েটি রয়েছে বিএনডব্লিউএলএর সেফ হোমে। পরিবার তাকে গ্রহণ করবে কি না, কী করবে, কিছুই জানা নেই তার। মেয়েটি জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে রাগ করেই বাড়ি ছেড়েছিল সে। এরপর পরিচয় হয় শাহীন নামের এক যুবকের সঙ্গে। শাহীন তাকে কাজ দেওয়ার কথা বলে বেনাপোল হয়ে ভারতে পাচার করে দেয়। হায়দরাবাদের পুলিশ তাকে গ্রেপ্তার করে একটি বেসরকারি সংস্থার হেফাজতে দেয়। তাদের সঙ্গে বিএনডব্লিউএলএ যোগাযোগ করে তাকেসহ নয়জনকে ফিরিয়ে আনে।পাচারের শিকার ছয় নারীকে নিয়ে বাংলাদেশে এসেছেন ভারতের এনজিও স্টপের কর্মকর্তা স্বপ্না মিশ্র। তিনি বলেন, যখন তাঁরা ছয় নারীকে ফিরিয়ে আনার সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন করে ফেলেছেন, তখন দুজন ভারতেই থাকতে চাইলেন। খুলনার দৌলতপুর থেকে বোনকে নিতে আসা এক যুবক বলেন, তাঁর বোনটি স্থানীয় এক নারীর খপ্পরে পড়ে পরিবারের অজান্তে ভারতে চলে যান। এলাকায় যাওয়ার পর কী হবে, তা তিনি ভাবতেও পারছেন না।বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ২০১২ সালে ৩৮৬ জন নারী সমিতির সহায়তায় বিদেশ থেকে ফেরত এসেছেন। এসব নারীকে জোর করে যৌন পেশায় নিয়োজিত হতে বাধ্য করা হয়েছিল। তাঁদের বেশির ভাগকেই আনা হয় ভারত থেকে।সালমা আলী বলেন, এমন কয়েকটি ঘটনা ঘটেছে যে মামলা হওয়ার পর পাচারের দায়ে অভিযুক্ত ব্যক্তিরা আদালত থেকে জামিন পেয়েছেন। অথচ আইনে মানবপাচার জামিন অযোগ্য অপরাধ।বিবিসি বাংলা রেডিওর গতকাল সন্ধ্যার খবরে বলা হয়, বাংলাদেশ থেকে পাচার হওয়া শতাধিক নারী-পুরুষ গত দুই দিনে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এদের উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত যশোরভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, বেনাপোল সীমান্তপথে গত দুই দিনে ১১২ জন বাংলাদেশি নারী ও শিশুকে হস্তান্তরের পর এদের এখন যশোর ও ঢাকায়বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।রাইটস যশোর নামের মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, ভারতীয় কিছু মানবাধিকার সংস্থার সহযোগিতায় কলকাতা, দিল্লি ও মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে পাচারকারীদের হাতে আটকে পড়া এসব নারী-শিশুকে উদ্ধার করা হয়।