পাচার হওয়া সম্পদ উদ্ধারে অগ্রগতি হয়েছে: দুদক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ

জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদের (আনকাক) নির্দেশনা অনুসারে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্নীতিলব্ধ পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে কিছুটা অগ্রগতি করেছে। এ কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, দেশের ভেতরে দুর্নীতিবাজদের সম্পদও জব্দ করছে সংস্থাটি।

গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দ্য এইটথ সেশন অব দ্য কনফারেন্স অব দ্য স্টেট পার্টিজ টু দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন (আনকাক)–এর সম্মেলনে এসব কথা বলেন। দুদক চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশের পক্ষে সম্মেলনে অংশ নেয়। দুদকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলনের বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, কয়েকটি অর্থ পাচার মামলায় দুদক সিঙ্গাপুর থেকে ঢাকা ফেরত এনেছে। ইকবাল মাহমুদ বলেন, সিঙ্গাপুর থেকে ২০ লাখ সিঙ্গাপুর ডলার এবং ৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ফেরত আনা হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যকে ৩ লাখ মার্কিন ডলার উদ্ধার করে দিয়েছে বাংলাদেশ।

ইকবাল মাহমুদ আরও বলেন, বাংলাদেশের ভেতরে দুদক এ বছরের জানুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত ২৫টি ব্যাংক হিসাব, ৬ জন উপকারভোগীর বিভিন্ন বন্ড, সিকিউরিটিজ এবং বিমা পলিসি জব্দের মাধ্যমে ২৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের অর্থ জব্দ করেছে। একই সময়ে ৫টি বৈদেশিক ব্যাংক হিসাবের ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়েছে। এ ছাড়া সাড়ে ১২ একর জমি, বিভিন্ন ধরনের ১০টি বাড়ি, ৪টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, দুটি বাণিজ্যিক স্থাপনা এবং ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। একই সময়ে ৬ কোটি ১৬ লাখ মার্কিন ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্তের মাধ্যমে পুনরুদ্ধারের আদেশ পাওয়া গেছে।

দুদক চেয়ারম্যান বলেন, দুদকের মামলার সাজার হার বৃদ্ধির মাধ্যমে এর কাজের ধারাবাহিক মানোন্নয়ন ঘটছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ২০১১ সালে কমিশনের মামলায় সাজার হার ছিল মাত্র ২০ শতাংশ, যা ২০১৯ সালে ৬৪ শতাংশে উন্নীত হয়েছে।

দুর্নীতির প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গৃহীত তাঁর প্রতিষ্ঠানের নেওয়া বহুমাত্রিক কার্যক্রমের বর্ণনা দেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি অনুসরণ করছে। দুর্নীতিবাজদের কোনো পরিচয় বিবেচনা না করেই সম্পূর্ণ নির্মোহ ও নৈর্ব্যক্তিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি ঘটার আগেই তা প্রতিরোধ করার চেষ্টা করছে দুদক। এ ক্ষেত্রে প্রতিটি মন্ত্রণালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য যেসব ফোকাল পয়েন্ট কর্মকর্তা আছেন, তাঁদের মাধ্যমে দুর্নীতির আগাম বার্তা বিনিময়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে দুর্নীতি ঘটার আগেই তা প্রতিরোধে সমন্বিত কৌশল গ্রহণ করা যায়। এ ছাড়া প্রাতিষ্ঠানিকভাবে এমন যোগাযোগব্যবস্থা প্রবর্তন করা হবে, যাতে নিয়মিতভাবে প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে ধারণা বিনিময় করতে পারে।

ইকবাল মাহমুদ দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের আইনগুলো তুলে ধরে বলেন, রাষ্ট্র ও সমাজে সুশাসন নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয় শুদ্ধাচার কৌশল গ্রহণ করেছে। এ ছাড়া স্বচ্ছ ও জবাদিহিমূলক সুশাসনের জন্য জাতীয় মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো প্রতিষ্ঠান গঠন করেছে।

এই সম্মেলনে দুদক চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত আছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, দুদক পরিচালক নাসিম আনোয়ার, গোলাম শাহরিয়ার চৌধুরী, মো. মনিরুজ্জামান খান প্রমুখ।

দূতাবাসের বিজয় দিবসের অনুষ্ঠান:
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন।’
তিনি আরও বলেন, বিদেশে যেসব বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন, তাঁরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণে মর্যাদাপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের সব ধরনের সরকারি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করা সবার দায়িত্ব।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবু জাফর প্রমুখ।