পাচার হওয়া ৩৮০ মেট্রিক টন সার জব্দ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সরকারি গুদাম থেকে পাচার হওয়া ৩৮০ মেট্রিক টন সার গত বুধবার রাতে জব্দ করা হয়েছে।
প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে পার্বতীপুর শহরের ভাস্করের দিঘীরপাড় পুরোনো বাজার এলাকার একটি গুদামঘরে বুধবার রাতে ওই ৩৮০ মেট্রিক টন ইউরিয়া সারের সন্ধান পাওয়া যায়। এসব সার বাঘাবাড়ির বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) গুদাম থেকে পাচার করে আনা হয়েছে বলে পুলিশের সন্দেহ হয়। এ ঘটনায় গুদামের মালিক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে পার্বতীপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম সারবোঝাই গুদামঘরটি সিলগালা করে দিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির গতকাল রাত আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এসব সারের বাজারমূল্য ৫৩ লাখ ২০ হাজার টাকা। রাতেই সার পাচারসংক্রান্ত ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হবে। গুদামের মালিক জাহাঙ্গীর আলমকে ওই মামলায় আসামি করা হবে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, প্রশাসন গুদামঘরটি সিলগালা করেছে। ঘটনার পর থেকে গুদামের মালিক পলাতক রয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসকের মাধ্যমে আমরা সার পাচারের বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক অভিযানে পাচার হওয়া সারের সন্ধান মেলে। গুদামটি সিলগালা করা হয়েছে।’